
আমার সুখের পাখিটির রং লাল আর দুঃখের পাখিটির রং নীল। তোদের কথা মনে হলে আমার বুকের ভিতরের নীল রঙের পাখিটি ডানা ঝাপটা দিয়ে উঠে বসে।
জানিস সই আজকাল মনটা ভালো লাগে না একদম। বুকের ভেতরটা কেমন যেন মেঘলা হয়ে থাকে। আসলে আমার এই ভালো না লাগার অসুখটা কিশোর বেলা থেকেই ছিল। অনেক আনন্দের মধ্যে থেকেও মাঝে মাঝে আমার কঠিন দুঃখবোধ জেগে উঠে। আর এই ভালো না লাগার অসুখটা আজকাল বেশ পাকা পোক্তভাবে বাসা বেধেছে আমার ভেতর।
অনেকের ধারণা আমার জীবনপাত্র কানায় কানায় পূর্ণ। জীবনপাত্র পূর্ণ হওয়া কি এত সহজ বল? এ প্রসঙ্গে বড় বেলার বন্ধুরা বলে আমার নাকি সুখের অসুখ। সুখের অসুখ বলে কি কোনো অসুখের নাম আছে বলতো? অনেক সুখের মাঝেও মানুষের হৃদয়ে বাজে একটি অজানা দুঃখের বাঁশি। এই বাঁশির সুর আজকাল বড় ঘনঘন আমাকে দুঃখিত করছে।
আচ্ছা বলতো পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যার সব চাওয়া পূর্ণ হয়েছে? পাওয়া না পাওয়া নিয়েই তো মানুষের জীবন। তাছাড়া সব চাওয়া কি মানুষকে বলা যায়? কিছু চাওয়া আছে যা সারা জীবন হৃদয়ের মাঝে লুকিয়ে থাকে, যা কেউ দেখে না, কেউ জানে না। মাঝে মাঝে নিস্তব্ধ দুপুরে বুকের মধ্যে হাহাকার অনুভব করি। তখন আমি হৃদয়ের আনাচে কানাচে খুঁজে বেড়াই সে সব মানুষদের যাদের সাথে আমার কেটেছে অনেক দুপুর অনেক বিকেল। অনেকেই বলতে শুনি, এই তো সেদিন মনে হয় ছোট ছিলাম, সেদিন মনে হয় বিয়ে হলো। কিন্তু আমার কিন্তু সে রকম কিছু মনে হয় না। আসলে অনেকের মতো আমি শৈশব বেলা কিংবা বড় বেলা নিয়ে কখনো আপ্লুত হইনি। তরুণ বয়সের কিছু বেলা আমাকে আবেগে আপ্লুত করেছে, এখনো করে যখন তোরা ছিলি আমার সাথে সে সময়টার কথা ভেবে। এখন জীবন চলার জন্যই জীবন চলে। কী জানি খুব একটা দুঃখ-দুঃখ চিত্র কী তুলে ধরলাম তোর কাছে নিজের ব্যাপারে? নারে ভালো আছি অনেক ভালো। যতটুকু ভালো থাকলে বন্ধ দরজার বাইরের লোকেরা বলে ভালো আছে সুখে আছে, তার চাইতে এক ফোটাও অসুখে নেই খারাপ নেই।
তোকে যখন চিঠি লিখতে বসি তখন মনে হয় অনেক দুর থেকে একটা নির্জন ঢেউ এসে আমাকে ভিজিয়ে দেয়। হাওয়া দিয়ে মুছে ফেলে সব ক্লান্তি। আমার কিন্তু এখানে এমন কোনো বন্ধু নাই যার সাথে সুখ দুঃখগুলো ভাগ করে নেয়া যায়, যার সঙ্গে মন উজাড় করে কথা বলা যায়। তোরা ছিলি এক সময়। এখন তোরা, আমি, আমরা মহাসমুদ্রের একেক প্রান্তে একেক জন বাসা বেঁধেছি। সমুদ্রের নানা তীরে গিয়ে মিলিত হওয়া তো এত সহজ ব্যাপার না। ভালো থাকিস্ সই। চিঠির জবাব লিখিস। তোর চিঠি আমাকে ফেলে আসা দিনগুলোর দুঃখগুলো অনেকটা ভুলিয়ে দেবে। আর চেষ্টা করনা একবার আমার এখানে এসে ঘুরে যেতে।
ম্যাল্টন, কানাডা

