
পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল।
এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন ব্রডকাস্টার চ্যানেল টি-স্পোর্টসের সঙ্গে।
সেখানে উপস্থাপক তার কাছে জানতে চান, বিএনপি যদি ক্ষমতায় (সরকারে) আসে তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন।
জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।’
দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গেল বছরের মাঝামাঝি সময় থেকে দেশের বাইরে অবস্থান করছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। গেল বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে নীরব ভূমিকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।
এরপর জাতীয় দলের পাকিস্তান এবং ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর খেলা হয়নি ৩৮ বছর বয়সি সাকিবের। এর মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এছাড়া আর্থিক কেলেঙ্কারির বেশকিছু অভিযোগেও সাকিবের নাম এসেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থিতু হওয়া এই ক্রিকেটারের সঙ্গে বিভিন্ন দেশে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দলের নেতাকর্মীদের সঙ্গে এমন সাক্ষাতের কারণেও ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।

