পুরুষ দলের প্রধান কোচ ২২ বছরের তরুণী, তুরস্কের ফুটবলে নতুন ইতিহাস

পুরুষ দলের প্রধান কোচ ২২ বছরের তরুণী, তুরস্কের ফুটবলে নতুন ইতিহাস - the Bengali Times
জেইনেপ মেস্তান

ফুটবলে কোচিংয়ের প্রচলিত ধারণা ভেঙে নতুন ইতিহাস গড়েছেন তুরস্কের ২২ বছর বয়সী জেইনেপ মেস্তান। পুরুষদের একটি সিনিয়র ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। তুরস্কের মানিসা প্রদেশের সুপার অ্যামেচার লিগের দল তুরগুতলুসপোরের ২০২৬-২৭ মৌসুমের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই তরুণী। ক্লাবটির ইতিহাসে তিনিই প্রথম নারী প্রধান কোচ।

২০০৪ সালের ৩০ জুলাই ইজমিরের বর্নোভায় জন্ম জেইনেপের। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। ২০১৯ সালে কারশিয়াকা স্পোরের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি। পরে কোনাক বেলেদিয়েসপোর, বর্নোভা হিতাব স্পোর, সোমা জাফের স্পোর, সোমা জেনচলিক ও বর্নোভা জেনচ ইলদিজলার স্পোরের হয়ে খেলেছেন।

- Advertisement -

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিংয়ের প্রতিও আগ্রহ তৈরি হয় জেইনেপের। এজে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিজ্ঞান অনুষদে পড়াশোনার সময়ই কোচিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। নারী ও পুরুষ—দুই ধরনের দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার পথ ধরেই এবার পেয়েছেন পুরুষদের সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব।

পুরুষ দলের কোচ হিসেবে কাজ করতে গিয়ে কোনো অস্বস্তি বা বৈষম্যের মুখে পড়ছেন কি না, এমন প্রশ্নে জেইনেপ জানিয়েছেন, খেলোয়াড়েরা তাঁকে একজন কোচ হিসেবেই দেখেন। অন্য পুরুষ কোচদের সঙ্গে যেভাবে আচরণ করেন, তাঁর সঙ্গেও সেভাবেই কাজ করেন তাঁরা।

জেইনেপের ভাষায়, ‘খেলোয়াড়েরা আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করে। একজন পুরুষ কোচের সঙ্গে তারা যেভাবে কাজ করে, আমার সঙ্গেও ঠিক সেভাবেই কাজ করে। আমাকে ছোট করে দেখা কিংবা ভিন্ন দৃষ্টিতে দেখার কোনো ইঙ্গিত পাইনি।’

খেলোয়াড়দের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে তোলাকে কোচিংয়ের অন্যতম ভিত্তি মনে করেন তিনি। জেইনেপ বলেন, ‘একজন কোচ খেলোয়াড়কে সম্মান না করলে খেলোয়াড়ের কাছ থেকেও সম্মান আশা করতে পারেন না।’

একসময় তুরস্কের দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা তুরগুতলুসপোর বর্তমানে মানিসা সুপার অ্যামেচার লিগে খেলছে। ক্লাবটির লক্ষ্য আবারও উচ্চতর লিগে ফিরে যাওয়া। সেই লক্ষ্য পূরণে দায়িত্ব পেয়েছেন জেইনেপ। আপাতত নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন এবং প্লে-অফে ভালো ফল করাই তাঁর প্রধান লক্ষ্য। এরপর ধাপে ধাপে দলকে উচ্চতর লিগে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর।

কোচিংয়ের আদর্শ হিসেবে জেইনেপ অনুসরণ করেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও তুরস্কের সেরজেন ইয়ালচিনকে। তাঁদের কৌশল ও কাজের ধরন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের কোচিং দর্শন আরও সমৃদ্ধ করতে চান তিনি।

মাত্র ২২ বছর বয়সে পুরুষদের সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে তুরস্কের ফুটবলে আলোচনায় এসেছেন জেইনেপ। তাঁর এই অর্জন নারী কোচদের জন্যও নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছে। এখন মাঠের পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্য প্রমাণ করাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।

- Advertisement -

Related Articles

Latest Articles