
ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে দেখা গেছে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে জোর চর্চা। ছড়িয়ে পড়া ছবিটি একটি সেলফি, যা তুলেছেন সৃজিত নিজেই। এরপর থেকেই প্রশ্ন— সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?
মূলত ছবিটি পোস্ট করা হয়েছে মেয়েটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীর নাম সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’
ওপার বাংলার নবাগত অভিনেত্রী সুস্মিতা। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন তিনি। ছবিটি তোলা হয়েছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে। সেখানেই গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং।
সিনেমা, ক্যারিয়ারের পাশাপাশি পরিচালক সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মাঝে চর্চা কম নয়। দিন কয়েকদিন আগে এক তরুণী তথা অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সাগরপাড়ে ঘুরে ঘুরে সময় কাটাতে দেখা গেছে এই পরিচালককে। সে থেকেই সামাজিক মাধ্যমে ওঠে জোর চর্চা, ওঠে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন!
সেদিন শুধু সাগরপাড়ে তারা ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর ছবিটি পোস্ট হয় সেই অভিনেত্রীর প্রোফাইল থেকেই; ক্যাপশনে লেখা হয় ‘স্যার চোখের মধ্যে।’ আর পোস্টটি ভাইরাল হয় নিমিষেই; আর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?
জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনও! ‘সৃজিতকে চোখের মধ্যে’ এই কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন সুস্মিতা, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলান অনেকে। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন।
সেদিন সমুদ্রপাড়ে ঘটেছিল শিক্ষক-ছাত্রীর এমনই মেলবন্ধন। শোনা যায়, সেদিন সুস্মিতাকে শট, ওয়াকিং শ্তাইল, পাসিং শট- এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে। এরপর বাড়তে থাকে তাদের সখ্যতা।
কিন্তু মাত্র একটি সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, এবার তা নিয়েই মুখ খুললেন সুস্মিতা। সম্প্রতি সেই পুরী থেকে ফিরেছেন দুজনেই। এদিন ছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও হাজির দু’জনে।
সাংবাদিকের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। বললেন, ‘আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক।’। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। বললেন, ‘একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।’

