নতুন করে ভক্তদের নজর কাড়লেন জয়া

নতুন করে ভক্তদের নজর কাড়লেন জয়া - the Bengali Times
অভিনেত্রী জয়া আহসান

অফহোয়াইট শাড়ি, খোলা চুলে বেলি ফুলের গাজরা আর মৃদু হাসি—বাঙালি সাজে নতুন করে ভক্তদের নজর কাড়লেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে শুধু সাজের সৌন্দর্য নয়, তাঁর ছবির সঙ্গে দেওয়া একটি গানের পঙ্‌ক্তিও তৈরি করেছে কৌতূহল। বাউল সম্রাট শাহ আবদুল করিমের গানে প্রেমের বেদনার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

২০ অক্টোবর প্রকাশিত নতুন ছবিগুলোতে জয়ার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার স্নিগ্ধতা। অফহোয়াইট সুতি শাড়ির পাড়জুড়ে ধূসর-গোলাপি কাজ, সঙ্গে মানানসই ব্লাউজ। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলি ফুলের গাজরা—সব মিলিয়ে তাঁর উপস্থিতিতে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন।

- Advertisement -

কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন, কখনো মুচকি হেসে তাকিয়েছেন ক্যামেরার দিকে। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলোতে ধরা পড়েছে তাঁর স্বাভাবিক ও স্নিগ্ধ উপস্থিতি। এর আগে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জয়া। এবার স্থিরচিত্রের মাধ্যমে সাজের আরও কিছু মুহূর্ত অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছবির সঙ্গে দেওয়া জয়ার ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। বাউল সম্রাট শাহ আবদুল করিমের পরিচিত গানের পঙ্‌ক্তি তুলে ধরে তিনি লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।’

প্রেমের মায়া আর তার সঙ্গে জড়িয়ে থাকা কষ্টের কথাই উঠে এসেছে গানের এই পঙ্‌ক্তিতে। ছবির স্নিগ্ধ আবহের সঙ্গে আক্ষেপমাখা গানের কথার মেলবন্ধন পোস্টটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। তবে এই ক্যাপশনের মাধ্যমে নিজের ব্যক্তিগত প্রেমজীবন নিয়ে কোনো বার্তা দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার বৈচিত্র্যের জন্যও পরিচিত জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী বাঙালি সাজে নিজেকে উপস্থাপন করেন তিনি। নতুন ছবিতেও দেশীয় পোশাক, বেলি ফুলের গাজরা ও অলংকারের সমন্বয় প্রশংসা কুড়াচ্ছে।

সব মিলিয়ে জয়ার এবারের ছবিতে একদিকে বাঙালি সাজের স্নিগ্ধতা, অন্যদিকে পুরোনো গানের কথায় প্রেমের আক্ষেপ—দুইয়ের মেলবন্ধন তৈরি করেছে আলাদা আবেদন।

- Advertisement -

Related Articles

Latest Articles