
প্রশিক্ষণের জন্য ভোরে ঘুম থেকে উঠতে পারবেন না—এমন কারণ জানিয়ে পুলিশের চাকরি থেকে পদত্যাগের আবেদন করেন এক যুবক। কনস্টেবল পদে নিয়োগ পাওয়ার কয়েক দিনের মধ্যেই তিনি এ পদক্ষেপ নেন। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
গণমাধ্যমটি জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। গত ১৫ জুন উত্তর প্রদেশের লখনউতে নির্বাচিত সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরই শুরু হয় প্রশিক্ষণ।
প্রশিক্ষণের পঞ্চম দিনে বাবার সঙ্গে দেউরিয়ার পুলিশ সুপারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যান ওই যুবক।
সেখানে ওই যুবক জানান, প্রশিক্ষণের জন্য তাকে প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠতে হয়। কিন্তু তিনি সকাল ৮টার আগে ঘুম থেকে উঠতে পারেন না। তাই তিনি চাকরি থেকে পদত্যাগ করতে চান।
ছেলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাবা জানান, তার ছেলের বিএড ডিগ্রি রয়েছে।
তিনি চান, তার ছেলে শিক্ষকতা করুক।
দেউরিয়ার পুলিশ সুপার বিক্রান্ত বীরের জনসংযোগ কর্মকর্তা মহেন্দ্র কুমার জানিয়েছেন, ওই যুবক ও তার বাবা পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এ সময় কারণ জানতে চাইলে ওই যুবক তার ঘুম থেকে উঠতে না পারার বিষয়টি জানান। সেই সঙ্গে তিনি প্রশিক্ষণে কঠোর পরিশ্রম করতেও অপারগতা জানান।
তবে মহেন্দ্র কুমারের পরামর্শে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে চলে যান।
প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রশিক্ষণ কয়েকটি ধাপে হয়ে থাকে। প্রথম মাসে নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া। সব ধাপ শেষ করার পর তারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন।

