
বেশ কিছু দিন আগের ঘটনা। একদিন সন্ধায় কফি হাউস (টিম হর্টন) থেকে বেরিয়ে গাড়ীর দিকে যাচ্ছি। দূর থেকে দেখলাম গাড়ীর সামনে একটি অংশ কালো দেখাচ্ছে। বুকটা কেপে উঠলো। -ওটা ভাংগা দেখাচ্ছে। মনে করার চেষ্টা করছি কোথাও আমি আঘাত করেছি কিনা। না কিছুই মনে পড়ছে না। গাড়ীর সামনে এসে দেখলাম কিছু অংশ ভাঙ্গা কেউ তার গাড়ী পার্কিং থেকে বের করার সময় বেশী ব্যাকে এসেছে এবং আমার গাড়ীর সামনে আঘাত করে চলে গেছে। এক কথায় বলা যায় ক্ষতিপূরন দেয়ার ভয়ে পালিয়েছে।
৩ বছর আগে আরো একটি গাড়ী এমন করেই আমার গাড়ী ড্যামেজ করেছিলো। সে সময় তার ইনসুরেন্স কম্পানী ক্ষতিপূরন দিয়ে গাড়ীর সামনের অংশ ঠিক করে দিয়েছিলো। এই সামনের অংশ ঠিক করতে ৩/৪ হাজার ডলার খরচ। আমি চুপচাপ বাসায় ফিরে এলাম। পরদিন থেকে খোঁজা শুরু করলাম কে এইভাবে আমার গাড়ীতে আঘাত করলো।
পরদিন কফি হাউসের ম্যানেজারকে বললাম
-তোমার কাষ্টমার আমার গাড়ী ভেঙ্গে পালিয়েছে।
-তুমি সিওর।
-আমি দেখিনি। কে করেছে আমি জানিনা।
-সিসিটিভি চেক করে দেব এক সময়।
অন্যদিন অনেক যত্ন করে সময় নিয়ে আমারই সামনে সিসিটিভি চেক করলো সে। পাওয়া গেল না কোন গাড়ীর হদিশ যে আমার গাড়ীটিকে ড্যামেজ করেছে।
আরো একটি সপিং মলের সামনে আমি গাড়ীর রাখি। সেখানে চেক করার জন্য ম্যানেজার আমাকে সুপারিশ করলো। এরকম চেকিং এ সনাক্ত করা যায় এ ধরনের অপরাধীকে। আমি ভাবছি। ভাবছি কেন এমন হলো। এটা ঠিক করতে অনেক টাকা দরকার। এই শহরে সব কিছুই Expensive, এখন সব কিছুর মূল্য বেড়েছে।
ক’দিন ধরে ভাবছি। আমার গাড়ীর ইনসুরেন্সে ফুল কাভারেজ নেই তাই ইনসুরেন্স কোন পে করবেনা এই ক্ষেত্রে। সে ক্ষেত্রে আমাকেই পকেট থেকে পয়সা গুনতে হবে। ক্ষতি করলো একজন আর পকেট থেকে খরচ আমার।
মনের ভিতর একটি বহু পুরান ছবি ভেসে উঠলো। ২০০৮ সালে সবে আমি গাড়ী চালানো শিখেছি এবং পুরানো ব্যবহৃত একটি গাড়ী কিনে চালাচ্ছি, কাজে যাওয়া আসা করছি। একদিন আমাদের এপার্টমেন্টের বাইরের পার্কিংএ গাড়ী ব্যাকে নিতে গিয়ে অন্য একটি গাড়ীর সামনে আঘাত করলাম। এটা হয়েছিলো আমার অনুমানের ভুলের কারনে। যাহোক ক্ষতি ক্ষতিই।
গাড়ী থেকে বেরিয়ে গাড়ীটির সামনে গিয়ে দেখি। বাপাশের অংশ বসে গেছে। কি করবো? আমার কি করা উচিত? আশে পাশে কেউ নেই, কোন ক্যামেরা নেই। আমার কি করা উচিত? সড়ক আইনে এটা একটা দূর্ঘটনা এবং এহেন পরিস্থিতিতে চলে যাওয়া ঠিক নয়। আমার হাতে ক্ষতিপূরন দেয়ার মতো টাকা পয়সা নেই এমনকি জামানাতও নেই। আমি দ্রুত গাড়ী নিয়ে চলে এলাম সেখান থেকে। এর পর দুদিন গাড়ী নিয়ে আর বাইরে যাইনি।
আজ ১৭ বৎসর পর সেই ঘটনার পুনরাবৃত্তি মনে হলো। আমি ক্যামেরা চেকিং বন্ধ করলাম। মনে শ্বান্তনা খুঁজে পেলাম সেদিন আমি একজনের গাড়ী ভেঙ্গে পালিয়েছিলাম এবার আমার গাড়ী ভেঙ্গে অন্য একজন পালিয়েছে। নিশ্চয় সেও আমার মতো গাড়ী চালানো নতুন শিখেছে এবং এই দেশে নতুন। আমার ক্ষতির বিষয়টি ভুলে গেলাম।
চিন্তা করে দেখুন আমরা যখন ক্ষতিগ্রস্থ হই এবং সেটা Intentional বা Unintentional হোক অনেক কষ্ট পাই, অনেক অভিশাপ দেই , অনেক কিছু বলি, বলি বিচার হবে কিন্তু বিশ্বাস করুন এমন অনেক ঘটনার জন্য আপনাকে বেশী দূরে যেতে হয়না কিছু কিছু ক্ষতি বা অন্যায়ের বিচার আপনার সামনেই হয় আজ অথবা কাল অথবা বহু বছর পর । একইরুপে, একই আবহে।
ইয়েলোনাইফ, কানাডা

