
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে
ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি মারধরের পর জোর করে বিএনপি ও ছাত্রদলবিরোধী বক্তব্য দিয়ে তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করতেও বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আহত ওই ছাত্রদল নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে।
সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার নদ্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে রাজাপুরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা জানান। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন।
এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন সাব্বির।
তিনি জানান, প্রায় ২০ জনের একটি দল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর করে। একপর্যায়ে তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয়। ওই বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।
একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে ওঠেন সাব্বির। রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোর করে বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

