
রিচি মেহতার নতুন ফিল্ম ‘ফুলান’ টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখার সুযোগ হলো। রিচির সঙ্গে পরিচয় আমার দুই দশকের। তাই গত ১৬ সেপ্টেম্বর ঠিক দুপুরে বন্ধু আলী আদিল খান যখন কল করে জানালো –tiff ডাউন টাউন জুড়ে ধুমধাড়াক্কা চলছে হলে-হলে। টরন্টো ইন্টার্ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সিনেমা কই পড়ে আছো ভাই তুমি! আজ সন্ধ্যা ৬টায় তোমার পরিচিত টরন্টোর ছেলে রিচি মেহতার নতুন ফিল্ম ‘ ফুলান’ এর প্রথম গালা শো ৩০০ কিং স্ট্রিট ওয়েস্টে প্রিন্সেস অফ ওয়েলস থিয়েটারে দেখানো হচ্ছে! চলে এসো। আমি অন লাইনে তোমারও টিকেট কেটে ফেলেছি। একটু আগে ভাগে এসো সামারতো প্রায় যায়যায়। ডাউন টাউনে বার রেস্টুরেন্টের সামনে ফুটপাথে চেয়ার টেবিল মাথায় বড় ছাতা এখনো রয়েছে! চলে এসো – পিয়েঙ্গে,খায়েঙ্গে ফির যায়েঙ্গে রিচির ফুলান দেখতে। এমন অফার বন্ধু আলী আদিল ছাড়া আর কে দেয়!
যে আমি এক সময় টানা পর পর পাঁচ বছর টরন্টো ফিল্ম ফেস্টভ্যালে শুরু থেকে শেষ দিন, সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রেস কার্ড গলায় ঝুলিয়ে ফিল্মের পর ফিল্ম দেখেছি টরন্টোর কাগজে ঢাকার দৈনিকে আর হাসনাত ভাইয়ের অনুরোধে ‘কালি ও কলমে’ দীর্ঘ সব লেখা লিখেছি সেই আমি আজ খবরই রাখিনা কখন কবে ২০২৬ শের tiff শুরু হয়ে গেছে। শুনে ছিলাম বাংলাদেশের প্রতিভাময়ী তরুণ আন্তর্জাতিক স্বনামধন্য পরিচালক রুবায়েত হোসেন তার নতুন ফিল্ম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ইতালীর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সরাসরি টরন্টো আসছেন। সেটি দেখবো ভেবে রেখে ছিলাম সুযোগ হলে।
আসলে রিচির ‘ফুলানের কথা জানতামই না!
বল্লামতো রিচি মেহতা আমার দুই দশকের চেনা জানা মানুষ। তাই লুফে নিলাম আদিলের অফার, – আসচ্ছিরে ভাই আসছি, অবশ্যই আসছি।
২০০৪ এর দিকে টরন্টোর হার্বারফ্রন্টে লেকের পাড়ে জমজমাট গানে নাচে মেলায় ভরপুর ‘মাশালা মেহেন্দী মাস্তী’ নামের ফেস্টিভ্যাল করতো অভিষেক মাথুর ও তার স্ত্রী। একই সাথে আমার আরেক বন্ধু দিনেশ সচদেবের ‘ফিল্মী’ নামে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ও হতো। সেখানেই প্রথম রিচি মেহতার প্রথম ১০ মিনিটে শর্ট ফিল্ম দেখে ছিলাম। নাম মনে নেই তবে বিষয় কি ছিলো মনে আছে। তখনো সেল ফোন মোটেই স্মার্ট হয়নি। রিচি দেখিয়ে ছিলো এই ফোনই মানুষের সব সংযোগের প্রধাণবস্তু হয়ে উঠবে এবং মানুষকে গিলে খাবে। সবাই অসহায় হয়ে উঠবে এটি ছাড়া এক পা বাড়াতে। ফোন ছাড়া মানুষে-মানুষে কোনো সংযোগই থাকবেনা। মানুষের বড় সঙ্গী মানুষ নয়! হবে সবার সেল ফোন।
আমারতো রিচি সেই প্রথম শর্ট বেশ ভালো লেখে ছিলো। ওর পিঠে হাত রেখে বলেছিলাম – ভাই রিচি তুমি অনেক দূর যাবে!
তবে ভাবিনি মাত্র বিশ বছরে এতটা দূর যাবে। সেই শর্ট ফিল্মের পর টরন্টোর যতসব কারগরী ও অভিনেতা অভিনেত্রী নিয়ে ‘অমল’ নামে বানালো এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সেটিও দেখলাম ভালোই হয়েছিলো। তারপর কি হলো যেন। সে চলে গেলো দিল্লী-মুম্বাই। সেখানেই প্রযোজক খুঁজে নিয়ে আবার ‘অমল’ নতুন ভাবে করলো নাসিরউদ্দিন শাহয়ের মত লিজেন্ড অভিনেকে নিয়ে। স্বাভাবিক ভাবে সেটি আরো ভালো হলো। এরপর কিছুদিন গ্যাপ দিয়ে নেটফ্লিক্সের জন্যে ধারাবাহিক সিরিজ করলো দিল্লীর মেডিক্যাল ছাত্রীকে বাসে ভয়ংকর ভাবে গণ ধর্ষণ করে হত্যা করা সত্যি ঘটনা নিয়ে ‘দিল্লী ক্রাইম’। সিরিজটি এতটাই পছন্দ করে ছিলো গোটা বিশ্বদর্শক যে দ্বিতীয় সীজন বানাতে হয়ে ছিলো তাকে। দিল্লী ক্রাইমের তৃতীয় সিজন হতে পারতো রিচি তা না করে আবার আমাজন এম জি এম ও প্রাইম ভিডিও প্রযোজিত ফুলান দেবীর লেখা আত্মজীবনী ‘আই ফুলান দেবী-দ্য অটোবায়োগ্রাফী অফ ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন’ থেকে বিশেষ ৪৮ ঘন্টা ভয়ংকর সময়কে ধরেছেন। এই ৪৮ ঘন্টা নিয়ে রিচি মেহতার নতুন -ফুলানে।
নব্বই দশকের মধ্যভাগে সিমা বিশ্বাসের কালজয়ী অভিনীত শেখর কাপুর পরিচালিত ‘বেন্ডিট কুইন’ ফুলানের গোটা জীবন যন্ত্রণা কষ্ট গ্যাং রেপ দেখাননি রিচি। দেখিয়েছেন ১৭ বছরের ফুলানের ভেতরে জমে থাকা ক্রোধের চিত্রণ। ১১ থেকে ১৭ হতে কখনো সিঙ্গাল কখনো গ্যাং রেপ করা হয় তাকে তার বয়সের সংখ্যার চেয়ে বেশি। তাদের জমি টুকু যা ছিলো কেড়ে নিয়ে ছিলো এলাকার মাত্ববর। ১১বছরে শুরু হয়ে ছিলো মাত্ববর নিজে ও তার ভাই ব্রাদার এমন কি খাস চাকর বাকরেরা ও ধর্ষণ করেছে অনেক সময় তার বাপের সামনেই তারা একাজ করেছে। পরে মাত্র ১৬ বছর বয়সে ফুলান যখন ডাকাত রাণী হয়ে গ্রামে ফেরে তখন মাত্ববরের ভাই ব্রাদার সহ সবাইকে উলঙ্গ করে টেনে বাইরে আনে। বড় উঠোনো গোল হয়ে গিজগিজ করছে বেশির ভাগ নারী আর পুরুষ। ফুলান চিৎকার করে জানতে চায় নারীদের কাছে কারা এদের শিকার হয়েছে। গোল হয়ে দাঁড়িয়ে থাকা ১২ থেকে ৫০ একে-একে প্রায় সব নারী হাত উপরে তোলে।
ফুলানের রাগ আর বসে থাকেনা। একে একে মাত্ববরের সবার পুষাঙ্গ ছুরি দিয়ে কেটে-কেটে বালতিতে ফেলে।
অবাক লাগে দুইজন পুরুষ সঙ্গী সহ সতের বয়সের এক শিশুকে দেখা মাত্র গুলিতে ঝাঁঝরা করে দেয়ার সরকারী হাই কমান্ডের আদেশ নিয়ে ২০০০ হাজার আর্মড ট্রেন্ড পুলিশ রাইফেল,মেশিনগান,গ্রেনেড আর দুইটি হেলিকপ্টার নিয়ে গ্রাম ঘিরে ফেলে। গ্রামবাসীদের মাঠে বের করে গানের সামনে জিম্মী করে ঘিরে রাখে। দিনের পর দিন নদী থেকে পানি পান করতে দেয়না। বারবার জানতে চায় কোথায় ফুলান? বলে দাও! তানা হলে সবাই মারা যাবে তোমরা! তবু সবাই বলে- আমরা জানিনা।
দ্ররিদ্র গ্রামবাসীর বাড়ি-বাড়ি তল্লাসীর সময় শুধু ভাংচুরই করেনা সামন্য সামান্য সোনা ক’টা জমানো টাকা সব পুলিশ লুট করে লুকিয়ে রাখে পরে ভাগাভাগির করে নেবে বলে।
বারবার মরতে মরতে ফুলান বাঁচলেও ত্রিশ পুলিশকে হত্যা করে তারা মাত্র তিনজন। দশর্ক আগে থেকে একটুও বুঝতে পারেনি শেষ পর্যন্ত ফুলান কি সঙ্গী সহ মারা যাবে।নাকি গোটা গ্রামে আগুন লাগিয়ে দেবে পুলিশ!
৪৮ঘন্টা শেষে হতাশ ক্লান্তিতে জর্জরিত পুলিশ অপারেশন ছেড়ে সঙ্গীদের মৃত লাশ ও আহতদের নিয়ে ১৭ বছরের ফুলানেকে ধরতে বা মেরে ফেলতে ব্যর্থ হয়ে ফিরে যায়। এই ঘটনার প্রতি মুহূর্ত চিত্রায়িত সাউন্ড আর যুদ্ধ এতটা বাস্তবের চেয়ে বাস্তব ভাবে দেখিয়েছেন যে দর্শকদের টান কিংবা চোখ কখনো পর্দা থেকে সরে যায়নি।
ইন্দিরা গান্ধীর ওপর আর ক’টা সিনেমা হবে জানিনা। তবে যুগে যুগে আরো ভালো সিনেমা ফুলান দেবীর ওপর ঠিকই হবে। যেহেতু তিনি বারাবার বলতেন আমি ডাকাত নই! উচ্চ জাতের নির্যাতনে হয়েছি বিদ্রোহী। রিচি মেহতাকে এমন একটা ভালো সিনেমা উপহার দেয়ার জন্যে ধন্যবাদ।

