আইপিএল নিলামে নাম লেখালেন না মোস্তাফিজ, কারণ জানাল ভারতীয় সংবাদমাধ্যম

আইপিএল নিলামে নাম লেখালেন না মোস্তাফিজ, কারণ জানাল ভারতীয় সংবাদমাধ্যম - the Bengali Times
মোস্তাফিজুর রহমান

গত আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু রাজনৈতিক ও উগ্রবাদী চাপের মুখে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই ঘটনার পর এবার আইপিএলের নিলামেই নাম লেখাননি বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতবারের ঘটনার পুনরাবৃত্তি এবং দেশে সম্ভাব্য সমালোচনার আশঙ্কা থেকেই মোস্তাফিজ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

সংবাদমাধ্যমটির এক সূত্রের দাবি, নিলামে দল না পাওয়ার আশঙ্কা এবং তা নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে—এমন ভাবনা থেকেই মিনি নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সমর্থকেরা তাঁকে ‘লোভী’ বলতে পারেন বলেও আশঙ্কা ছিল।

সূত্রটি আরও জানিয়েছে, আইপিএলের বদলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পারেন মোস্তাফিজ। এর আগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন তিনি। আগামী মৌসুমেও দলটিতে ফেরার সম্ভাবনা রয়েছে।

গত আইপিএল নিলামে মোস্তাফিজকে দলে নেওয়ার পর ভারতের কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিরোধিতা শুরু করে। উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সিং শোম কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলেও আক্রমণ করেন। মোস্তাফিজকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত চাপের মুখে তাঁকে ছেড়ে দেয় কেকেআর।

এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেয় স্কটল্যান্ড।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। প্রথম আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আইপিএলে নাম না লেখালেও ব্যস্ত সূচি রয়েছে ৩১ বছর বয়সী এই পেসারের। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলতে মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles