
পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাওয়াই কাল হলো ইরানের ১৪ বছর বয়সি কিশোরী সোগান্দ মোশতারেকির। সন্তান জন্ম দেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে তাকে। অভিযোগ রয়েছে, স্বামীর নির্যাতনের পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার থেকেও বঞ্চিত ছিলেন তিনি। এমনকি বাইরে যাওয়ার সময় ঘরে তালাবদ্ধ করে রাখা হতো তাকে।
মানবাধিকারকর্মীদের তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর ইরানের কেরমান প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটে। সোগান্দের স্বামী হত্যার কথা স্বীকার করেছেন। তবে এর কারণ হিসেবে পারিবারিক বিরোধের কথা উল্লেখ করেছেন তিনি।
ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের নারী কমিটির (এনসিআরআই) তথ্য অনুযায়ী, মাত্র ১৩ বছর বয়সে সোগান্দকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে তিনি একটি সন্তানের জন্ম দেন। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় সড়ক দুর্ঘটনার কবলেও পড়েছিলেন এই স্কুলছাত্রী।
ইরান হিউম্যান রাইটসকে (আইএইচআর) দেওয়া বক্তব্যে সোগান্দের বাবা জানান, তার স্বামী মেয়েকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে দিতেন না। বাইরে যাওয়ার সময় ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখতেন। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সোগান্দকে হত্যার দিনই ইরানে স্বামীর হাতে প্রাণ হারান ২১ বছর বয়সি আরেক নারী। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নির্যাতনকারী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইছিলেন অন্তঃসত্ত্বা সেপিদেহ রাইসি। এ কারণে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
মাত্র ১৩ বছর বয়সে বাল্যবিয়ের শিকার হয়েছিলেন সেপিদেহও। তিনি তিন বছর বয়সি একটি সন্তান রেখে গেছেন।
এনসিআরআইয়ের নারী কমিটির মতে, ইরানে জোরপূর্বক বাল্যবিয়ের শিকার মেয়েরা শিক্ষা, ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন।
সংস্থাটির তথ্যমতে, দেশটিতে শুধু গত অক্টোবর মাসেই ২৪টি নারীনিধন বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের মতে, অনেক হত্যাকাণ্ডই প্রকাশ্যে আসে না।
এর আগে ইরানে ১৯ বছর বয়সি অন্তঃসত্ত্বা হেলিয়া ফাত্তাহিকে নিজের বাবা-মা হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন, দুই মাসের অন্তঃসত্ত্বা তিনি।
হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে আদালতে গিয়েছিলেন তার বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লাইলা ভেইসি। বাড়ি ফিরে তারা হেলিয়াকে জোর করে প্রায় ৩০টি খিঁচুনিবিরোধী ওষুধ খাওয়ান এবং মারধর করেন। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
জরুরি চিকিৎসাকর্মীরা বাড়িতে পৌঁছালে বাবা-মা দুজনেই হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে সংস্থাটি। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
একাধিক হত্যাকাণ্ডের এসব ঘটনা ইরানে বাল্যবিয়ে, পারিবারিক নির্যাতন এবং নারীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

