পড়াশোনায় গড়পড়তা, শারীরিক শিক্ষায় ১০-এ ১০—মেসির স্কুলজীবনের মার্কশিট প্রকাশ

পড়াশোনায় গড়পড়তা, শারীরিক শিক্ষায় ১০-এ ১০—মেসির স্কুলজীবনের মার্কশিট প্রকাশ - the Bengali Times
শৈশবের লিওনেল মেসি

ফুটবল মাঠে অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন লিওনেল মেসি। কিন্তু স্কুলজীবনে কেমন ছিলেন আর্জেন্টাইন এই মহাতারকা? পড়াশোনায় কি ছিলেন মেধাবী, নাকি ফুটবলের নেশায় বইয়ের পাতায় মন বসত না? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসির শৈশবের একটি নম্বরপত্র সামনে এনেছে সেই অজানা গল্প।

১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের জেনারেল লাস হেরাস স্কুলের সপ্তম শ্রেণিতে পড়তেন মেসি। ওই সময়ের একটি পুরোনো নম্বরপত্রের ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তবে এটি কোন পরীক্ষার ফলাফল এবং কীভাবে ছবিটি সামনে এসেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -

প্রকাশিত নম্বরপত্র অনুযায়ী, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে ১০ পেয়ে পূর্ণ নম্বর অর্জন করেছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮, নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। অন্যদিকে গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি—প্রতিটি বিষয়ে তার প্রাপ্ত নম্বর ছিল ৬।

অর্থাৎ পড়াশোনার বেশির ভাগ বিষয়ে গড়পড়তা ফল করলেও শারীরিক শিক্ষায় ছিলেন দুর্দান্ত। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ছোটবেলা থেকেই ফুটবল ছিল মেসির ধ্যানজ্ঞান। শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলের হয়ে তখন নিয়মিত খেলতেন তিনি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পড়াশোনায় খুব বেশি উজ্জ্বল না হলেও খেলাধুলায় মেসির অসাধারণ প্রতিভা শিক্ষকদের নজর কেড়েছিল।

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে মেসির গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা জানিয়েছেন, ছোটবেলায় মেসি ছিলেন অত্যন্ত শান্ত ও লাজুক। শ্রেণিকক্ষের কার্যক্রমে খুব একটা অংশ নিতেন না। কিন্তু ফুটবল খেলতে মাঠে নামলেই বদলে যেত তার পুরো ব্যক্তিত্ব।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, ক্লাসে মেসি ছিলেন চুপচাপ। কিন্তু ফুটবল মাঠে গেলেই তাকে অন্যরকম দেখাত। সেখানেই প্রকাশ পেত তার পরিচিত সত্তা, যাকে পরবর্তী সময়ে চিনেছে গোটা বিশ্ব।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ও মেসির প্রথম শ্রেণির শিক্ষিকা মনিকা দোমিনাও একই ধরনের স্মৃতিচারণ করেছেন। তার মতে, মেসির বন্ধু ছিল অনেক। স্কুল ছুটি হলেই বন্ধুরা তার সঙ্গে ফুটবল খেলতে মাঠে যাওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে থাকত। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

নিজের পড়াশোনার অবস্থা নিয়েও কখনো রাখঢাক করেননি মেসি। রোজারিওতে কাটানো শৈশবের দিনগুলো স্মরণ করে একবার তিনি স্বীকার করেছিলেন, ছাত্র হিসেবে খুব একটা ভালো ছিলেন না। স্কুল বাড়ির কাছাকাছি হলেও প্রায়ই দেরি করে ক্লাসে পৌঁছাতেন।

বার্সেলোনায় পাড়ি জমানোর পরও পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়নি তার। মেসির ভাষ্য অনুযায়ী, ক্লাসে বন্ধুদের সঙ্গে আনন্দ করেই সময় কাটত। পড়াশোনার চেয়ে অন্য বিষয়েই মনোযোগ বেশি ছিল তাদের। পরীক্ষায় দ্রুত উত্তীর্ণ হতে একে অপরকে সহযোগিতাও করতেন।

তবে পড়াশোনায় খুব বেশি মনোযোগী না হলেও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোলেননি মেসি। বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পরও একাধিকবার লাস হেরাস স্কুলে গিয়েছেন তিনি। স্কুলটির উন্নয়নে আর্থিক সহায়তাও দিয়েছেন। তার অনুদানে প্রতিষ্ঠানটি পেয়েছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। সংস্কার করা হয়েছে খেলার মাঠের বেঞ্চও।

একসময় যে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন, সেই প্রতিষ্ঠানের সঙ্গে এখনো গভীর সম্পর্ক রয়েছে তার। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায় পার করছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

মেসির পুরোনো নম্বরপত্র যেন তার শৈশবের এক অন্যরকম ছবি তুলে ধরেছে। শ্রেণিকক্ষে লাজুক, পড়াশোনায় গড়পড়তা—কিন্তু ফুটবল মাঠে অসাধারণ। সেই ছোট্ট ছেলেটিই একদিন হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মহাতারকা।

- Advertisement -

Related Articles

Latest Articles