রাজধানীর তিন এলাকায় তিন বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রাজধানীর তিন এলাকায় তিন বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা - the Bengali Times
রাজধানীর পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়ে গেছে

রাজধানীর পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর ১১ নম্বর সেকশনের বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা বালু ও পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।

- Advertisement -

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, বাসটি পাঁচ দিন ধরে ওই সড়কে পার্ক করা ছিল। সড়কে বাস না রাখার জন্য মালিকদের অনুরোধ জানানো হয়েছিল। তাদের জন্য ভাষানটেকে নির্ধারিত জায়গাও ঠিক করে দেওয়া হয়। এরপরও বাসটি সড়কে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এরপর রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য জানান।

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী রোডের সিরামিকের সামনে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রী নামিয়ে বাসটি স্ট্যান্ডে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন ও ওপরের অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, বাসচালকের দেওয়া তথ্য অনুযায়ী, চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles