
ভারতের বিহার রাজ্যে এক রাজনীতিকের মেয়ের বিয়েকে ঘিরে আয়োজন করা হয় বিশাল কর্মযজ্ঞ। বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় চার লাখ অতিথিকে। তাদের আপ্যায়নে তৈরি করা হয় পাঁচ লাখ মিষ্টি। খাবার রান্নার দায়িত্বে ছিলেন প্রায় ৫০০ বাবুর্চি ও রাঁধুনি। বিপুল মানুষের সমাগমে অনুষ্ঠানস্থল তো বটেই, আশপাশের সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট।
বুধবার (২৫ নভেম্বর) বিহারের রাজধানী পাটনার কাছে নাদওয়ান গ্রামে এ বিয়ের আয়োজন করেন ছয়বারের বিধায়ক অনন্ত সিং। তাঁর মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয় ঋষিকেশ কুমারের।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে গ্রামবাসী, রাজনৈতিক মিত্র ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজনের ব্যাপ্তি ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলিত রীতিকেও ছাড়িয়ে যায়।
অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানান, অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ঐতিহ্যবাহী পাঁচ লাখ মিষ্টি। পাশাপাশি ৫০০ বাবুর্চি ও রাঁধুনি মিলে আয়োজন করেন বিশাল নিরামিষ ভোজের।
অতিথিদের যাতায়াতের সুবিধায় অনুষ্ঠানস্থলে নির্মাণ করা হয়েছিল পাঁচটি হেলিপ্যাড। গুরুত্বপূর্ণ অতিথিরা হেলিকপ্টারে করে সেখানে পৌঁছান। তবে হেলিকপ্টার অবতরণের সময় ধুলার ঝড় তৈরি হওয়ায় আশপাশে জড়ো হওয়া উৎসুক মানুষের ভোগান্তিও বাড়ে।
বিয়ের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রায় ২০০ ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত হন প্রায় এক লাখ মানুষ। বিপুল দর্শকের কারণে আয়োজকদের প্রতিযোগিতাটি পিছিয়ে দিতে হয়। প্রতিযোগিতা দেখার জন্য অনেককে গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়তেও দেখা যায়।
অনুষ্ঠানস্থলের বিভিন্ন জায়গা সাজানো হয়েছিল চীন থেকে আমদানি করা ফুল দিয়ে। ছিল আতশবাজির আয়োজনও। কনে শিবাঙ্গী সিং বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে আসেন। অন্যদিকে বর ঋষিকেশ কুমার আসেন প্রায় ২০০ গাড়ির বহর নিয়ে।
তবে বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রভাব পড়ে আশপাশের যান চলাচলে। সড়কে তীব্র যানজটের কারণে এক রাজনীতিক গাড়ি ছেড়ে ট্রাক্টরে চড়ে কৃষিজমির ভেতর দিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
উল্লেখ্য, অনন্ত সিংয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েক ডজন ফৌজদারি মামলা রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি।
কনসালটিং প্রতিষ্ঠান কেপিএমজির হিসাব অনুযায়ী, ভারতে প্রতিবছর এক কোটির বেশি বিয়ে হয়। দেশটির বিয়েকেন্দ্রিক শিল্পের বাজারমূল্য আনুমানিক চার হাজার থেকে পাঁচ হাজার কোটি ডলার।

