পরিবার থেকে বিতাড়িত, বৃদ্ধাশ্রমেই দুই প্রবীণের বিয়ে

পরিবার থেকে বিতাড়িত, বৃদ্ধাশ্রমেই দুই প্রবীণের বিয়ে - the Bengali Times
নিঃসঙ্গতা কাটিয়ে নতুন করে সংসার শুরু করলেন ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা

পরিবারের অবহেলা, স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্নতা আর দীর্ঘদিনের একাকিত্ব। জীবনের পড়ন্ত বেলায় এসে সেই নিঃসঙ্গতা কাটিয়ে নতুন করে সংসার শুরু করলেন ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা। ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার একটি বৃদ্ধাশ্রমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের। পরিবারের কাছ থেকে আশ্রয় না পেলেও শেষ বয়সে একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন ভালোবাসা ও বেঁচে থাকার নতুন অবলম্বন।

বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর ওল্ড এজ হোমে’ হিন্দু রীতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বৃদ্ধাশ্রমের বাসিন্দা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মালাবদল এবং অগ্নিকে সাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে জীবনসঙ্গী হন তারা।

- Advertisement -

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হলুদ পোশাকে সেজে ঐতিহ্যবাহী হিমাচলি গানের তালে তাদের গায়েহলুদের অনুষ্ঠান হয়। বিয়েতে বরযাত্রী হিসেবে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা। নবদম্পতিকে অভিনন্দন জানানোর পাশাপাশি উপহারও দেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। বয়স যা-ই হোক, প্রত্যেক মানুষের পরিপূর্ণ ও আনন্দময় জীবনযাপনের অধিকার রয়েছে। বয়স বেড়ে যাওয়ার অর্থ এই নয় যে মানুষ জীবন উপভোগ করা কিংবা একজন সঙ্গী খোঁজার অধিকার হারিয়ে ফেলবেন।

তবে এই বিয়ের পেছনের গল্পটি আনন্দের পাশাপাশি বেদনাও জাগায়। বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা ও আইনজীবী প্রকাশ চাঁদ বানসাল জানান, হিমাচল প্রদেশের মান্ডি জেলার জাঞ্জেহলি অঞ্চলের থুনাগ এলাকার বাসিন্দা কানহাইয়া লাল একসময় পরিবারের সঙ্গেই থাকতেন। স্ত্রীর মৃত্যুর পর নিজের সব সম্পত্তি ভাইদের নামে লিখে দেন তিনি। এরপরই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আশ্রয়হীন হয়ে একপর্যায়ে একটি গুহায় বসবাস শুরু করেন এই বৃদ্ধ।

২০২২ সালে সংস্থাটির কর্মীরা তাকে সেই গুহা থেকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়ে আসেন। এরপর থেকে সেখানেই থাকছিলেন তিনি।

অন্যদিকে, সাবিনার আদি নিবাস কলকাতায়। বাড়ি থেকে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে তিনি হিমাচল প্রদেশে পৌঁছান। প্রথমে তাকে রাজ্যের রাজধানী শিমলায় নেওয়া হয়। পরে ২০২৫ সালে বিলাসপুরের ওই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।

একই ছাদের নিচে থাকতে থাকতে কানহাইয়া লাল ও সাবিনার মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। ধীরে ধীরে সেই সখ্য রূপ নেয় গভীর সম্পর্কে। একাকিত্বের জীবন পেছনে ফেলে বাকি দিনগুলো একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা।

আপনা ঘরের প্রতিষ্ঠাতা প্রকাশ চাঁদ বানসাল বলেন, নিঃসঙ্গতা কাটিয়ে একে অপরের সঙ্গী হওয়ার জন্যই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনা সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। পরিবার থেকে বিতাড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নতুন করে জীবন গড়তে সহায়তা করা সবার দায়িত্ব।

বিয়েতে জেলা কল্যাণ কর্মকর্তা রমেশ বানসালসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দায়োলি এলাকায় অবস্থিত ২৫ জন আবাসিকের ধারণক্ষমতাসম্পন্ন বৃদ্ধাশ্রমটিতে দীর্ঘদিন ধরে প্রবীণদের আশ্রয় ও সেবা দেওয়া হচ্ছে।

বিয়ের পর কানহাইয়া লাল ও সাবিনা হিমাচল প্রদেশের সোলান জেলার নালাগড়ের একটি নতুন বৃদ্ধাশ্রমে চলে যাবেন। সেখানেই শুরু হবে তাদের নতুন দাম্পত্য জীবন।

জীবনের দীর্ঘ সময় একাকিত্ব আর অনিশ্চয়তায় কাটলেও শেষ বয়সে এসে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন দুজন। স্বজনদের কাছে হারানো আশ্রয় হয়তো ফিরে পাননি, কিন্তু একে অপরের হাত ধরে খুঁজে পেয়েছেন জীবনের নতুন ঠিকানা।

- Advertisement -

Related Articles

Latest Articles