
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে না পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পুরো সময়জুড়ে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মাহি নিজের অনুভূতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’
দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার সর্বোচ্চ চেষ্টা করেছেন জানিয়ে মাহি বলেন, দেশের মানুষ ও তাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করতে নিজের জায়গা থেকে কোনো কমতি রাখেননি তিনি। প্রতিযোগিতায় তার পাশে থেকে দেশবাসী যেভাবে সমর্থন দিয়েছেন, তা কখনো ভুলবেন না বলেও উল্লেখ করেন।
তবে মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। মাহি লেখেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখিত, যদি আপনাদের প্রত্যাশা অনুযায়ী গর্বিত করতে না পেরে থাকি।’
জীবনের সব চেষ্টা যে প্রত্যাশিত ফল বয়ে আনে না, সে কথাও মনে করিয়ে দেন তিনি। তার ভাষায়, কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত ও অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। প্রত্যাশিত ফল না পেলেও সেই চেষ্টার মূল্য কমে যায় না।
বার্তার শেষাংশে দেশবাসীর ভালোবাসাকে যেকোনো অর্জনের চেয়ে বড় বলে উল্লেখ করেন মাহি। তিনি লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
সবশেষে তার প্রতি আস্থা রাখা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মাহি। বার্তার ইতি টানেন ‘ভালোবাসি বাংলাদেশ’ বলে।

