স্বৈরাচারী গোষ্ঠী ফেসবুকের রিচ কমিয়েছে, অভিযোগ মেঘনা আলমের

স্বৈরাচারী গোষ্ঠী ফেসবুকের রিচ কমিয়েছে, অভিযোগ মেঘনা আলমের - the Bengali Times
মেঘনা আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডির রিচ কমিয়ে দেওয়ার অভিযোগ করেছেন মেঘনা আলম। তার দাবি, দেশের সংকটময় সময়ে স্বৈরাচারী গোষ্ঠীর সাইবার দল পরিকল্পিতভাবে তার আইডির প্রচার সীমিত করেছে। ব্যক্তিগত অপপ্রচার ও গুজব ছড়ানোর পাশাপাশি অনুসারীদের প্রতি নিজের রাজনৈতিক বক্তব্য এবং ভারতীয় আধিপত্যবাদ নিয়ে করা সমালোচনাও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মেঘনা। সেখানে বুলিং, অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ মোকাবিলায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি। মেঘনা জানান, এসব ঘটনার মুখে চুপ থাকা, নিজেকে আড়াল করা কিংবা অযথা ব্যাখ্যা দেওয়ার পক্ষপাতী নন তিনি। বরং যারা তাকে নিয়ে গুজব ছড়ান ও হয়রানি করেন, তাদের ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে জবাব দেন।

- Advertisement -

মেঘনার ভাষ্য, যারা অন্যের কষ্টে খোঁচা দিয়ে কিংবা মানুষকে হয়রানি করে আনন্দ পান, তারা আসলে নিজেদের মূল্যহীন জীবনে সাময়িকভাবে শক্তিশালী অনুভব করতে চান। কিন্তু নিজেরা একই আচরণের শিকার হলে তাদের সেই শক্তির মুখোশ খুলে যায়।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আপনারা তো আমাকে নিয়ে গুজবগুলো ভাইরাল করেন, আবার আমার মজার মন্তব্যগুলো ভাইরাল করেন।’

তবে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা ছড়ানোর বাইরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন মেঘনা। তার অভিযোগ, দেশের সংকটময় সময়ে স্বৈরাচারী গোষ্ঠীর সাইবার দল তার ফেসবুক আইডির রিচ কমিয়ে দিয়েছে। এ কারণে অনুসারীদের নিজের রাজনৈতিক বক্তব্য ও ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যুক্তিনির্ভর সমালোচনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মেঘনা। তার দাবি, বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে নির্যাতন চালানো হচ্ছে—এমন একটি ভয়াবহ মিথ্যা বয়ান আন্তর্জাতিক পরিসরে ছড়ানো হচ্ছে। তার মতে, এটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার রাজনৈতিক কৌশল।

মেঘনা আরও জানান, ভারতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক শিক্ষাবিদ হিসেবে তিনি বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছেন। এ-সংক্রান্ত বক্তব্যের ভিডিও ও সংযোগও নিজের পোস্টের মন্তব্যে দিয়েছেন বলে জানান তিনি। অনুসারীদের সেসব বক্তব্য নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পোস্টের শেষাংশে মেঘনা বলেন, ব্যক্তিগত অপপ্রচারের চেয়ে সত্য, যুক্তি ও দেশের স্বার্থে প্রয়োজনীয় কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া বেশি জরুরি। তাই তাকে নিয়ে গুজব কিংবা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বক্তব্যগুলোও মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

 

⋮⋮⋮⋮⋮⋮⋮⋮

- Advertisement -

Related Articles

Latest Articles