
প্রেমের সম্পর্কের সূত্র ধরে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করেন তিনি। তবে কিশোরীর অপ্রাপ্তবয়স্ক বয়স এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় বিষয়টি নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতীয় তরুণের নাম সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা। তিনি ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। আর কিশোরী মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে। সে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী।
গত বুধবার (২৫ নভেম্বর) মাহির মা শামীমা আক্তার জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি উড়োজাহাজে ছয় মাসের পর্যটন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করেন। পরে তাঁরা তাঁকে নিয়ে বরিশালে যান।
পরদিন ২৩ নভেম্বর বরিশালের এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় একজন মৌলভিকেও ডাকা হয়েছিল বলে জানান মাহির মা।
মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফাইজানের সঙ্গে পরিচয় হয়। প্রায় দেড় বছর আগে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তাঁরা যোগাযোগ বন্ধ করেননি।
মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে হিন্দি ভাষা শিখেছে সে।
ফাইজান শাহ জানান, তাঁর বাবা গুজরাটের রাজুলা এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁদের প্রেমের সম্পর্ক তাঁর পরিবার মেনে নিয়েছে। বাকি জীবন স্ত্রীর সঙ্গে বাংলাদেশেই কাটাতে চান বলে জানান তিনি।
মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও তিনি সফল হননি। একপর্যায়ে উপায় না দেখে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।
এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের একজন তরুণ বাংলাদেশে এসে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন—বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পাসপোর্ট, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, স্থানীয় গ্রামপুলিশ তাঁকে বিষয়টি জানিয়েছেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনগত প্রশ্ন
বাংলাদেশের প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়েকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। সে হিসাবে মাহির বয়স ১৭ বছর হওয়ায় এ বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা আনুষ্ঠানিকতা আইন অনুযায়ী বিয়ে হিসেবে গণ্য হবে কি না, তা নিয়েও আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। বিষয়টি যাচাই করে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটিই দেখার বিষয়।

