
বিদেশ যাওয়ার নেশায় এমনই মরিয়া হয়ে উঠেছিলেন এক যুবক, সঙ্গে ছিল না ভিসা, বিমানের টিকিট কিংবা ভ্রমণের কোনো বৈধ কাগজপত্র। তবুও নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়ে ঢুকে পড়লেন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে। তবে শেষ রক্ষা হয়নি। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যেই নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের প্রস্থান ফটকে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম কুনাল। তিনি হরিয়ানা রাজ্যের সোনিপতের বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কোনো বৈধ ভ্রমণ নথি ছাড়াই টার্মিনালে প্রবেশের চেষ্টা করেন কুনাল। এ সময় ফটকে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে এক নিরাপত্তাকর্মীকে ধাক্কা দিয়ে জোর করে ভেতরে ঢুকে পড়েন তিনি।
মুহূর্তের মধ্যেই তাকে ধরে ফেলেন টার্মিনালে দায়িত্বে থাকা কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) এক সশস্ত্র সদস্য। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে সিআইএসএফ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তল্লাশি চালিয়ে কুনালের ব্যাগ থেকে কয়েকটি পরিচয়পত্র ও শিক্ষাসনদ উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ভিসা ও ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শেষ পর্যন্ত জোর করে বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।
প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, কুনাল একজন অ্যাথলেট। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন।
উল্লেখ্য, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা। প্রতিদিন হাজার হাজার দেশি-বিদেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। নিয়ম অনুযায়ী, বৈধ পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথি ছাড়া যাত্রীদের টার্মিনালে প্রবেশের সুযোগ নেই। বিমানবন্দরের কর্মীদের ক্ষেত্রেও পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক।

