শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন গাড়িচালকরা

শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন গাড়িচালকরা - the Bengali Times
অন্টারিওর বেশিরভাগ এলাকায় এখনো তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন গাড়িচালকরা

টরন্টো ও দক্ষিণ অন্টারিওর বেশিরভাগ এলাকায় এখনো তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন গাড়িচালকরা। বিশেষ করে নিরাপদে গাড়ি চালানোর জন্য উইন্টার টায়ার লাগানোর উপযুক্ত সময় ঘনিয়ে আসায় টায়ার বিক্রয় ও সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে বাড়ছে ব্যস্ততা।

ইটোবিকোকের ওকে টায়ারের কর্মীরা জানিয়েছেন, শীত মৌসুমে অতিরিক্ত গ্রাহক সামলাতে তাদের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যস্ততা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশে পৌঁছেছে। তুষারপাত শুরু হলে কাজের চাপ আরও বাড়বে এবং প্রতিষ্ঠানটি পূর্ণ সক্ষমতায় সেবা দিতে শুরু করবে।

- Advertisement -

ওকে টায়ারের মহাব্যবস্থাপক শন কুনি-মান চালকদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, বাইরের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে গাড়িতে উইন্টার-অ্যাপ্রুভড টায়ার ব্যবহার করা উচিত। তাঁর কাছে গ্রাহকদের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলোর মধ্যে রয়েছে কখন উইন্টার টায়ার লাগানো সবচেয়ে ভালো এবং ভিড় এড়াতে নির্ধারিত মৌসুমের আগেই টায়ার পরিবর্তন করা যাবে কি না।

কুনি-মানের মতে, গাড়ি ব্যবহারের ধরন বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা প্রতিদিন দীর্ঘ পথ গাড়ি চালান, তাদের ক্ষেত্রে তাপমাত্রা কমে আসা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। তবে যারা মূলত সপ্তাহান্তে গাড়ি ব্যবহার করেন, তারা আগেভাগেই উইন্টার টায়ার লাগাতে পারেন। এতে পরবর্তী সময়ে সার্ভিস সেন্টারগুলোতে বাড়তি ভিড় এড়ানো সম্ভব হবে।

এদিকে, সব মৌসুমে ব্যবহারযোগ্য (অল-সিজন) টায়ারের পাশাপাশি উইন্টার-অ্যাপ্রুভড স্নোফ্লেক রেটিংযুক্ত টায়ার নিয়েও চালকদের মধ্যে আগ্রহ রয়েছে। কুনি-মান বলেন, শহরের রাস্তায় এ ধরনের টায়ার ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে বরফ ও তুষারাচ্ছন্ন রাস্তায় উন্নত ব্রেকিং, নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি উইন্টার টায়ারই সবচেয়ে কার্যকর। সাধারণত একটি উইন্টার টায়ার পাঁচ থেকে সাতটি শীত মৌসুম পর্যন্ত ব্যবহার করা যায়। তবে এর স্থায়িত্ব নির্ভর করে গাড়ি চালানোর ধরন, ব্যবহারের মাত্রা, সংরক্ষণ পদ্ধতি এবং টায়ারের সামগ্রিক অবস্থার ওপর।

কুনি-মান আরও জানান, বাজারে এখন এমন কিছু টায়ারও পাওয়া যাচ্ছে, যেগুলোর গঠন ও আকৃতি ঠিক নেই। এর মধ্যে কিছু টায়ার সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত পুরোনো হতে পারে। তাই শুধু টায়ারের ট্রেড বা বাইরের অবস্থা দেখে সিদ্ধান্ত না নিয়ে উৎপাদনের সময়, বয়স এবং সামগ্রিক কার্যকারিতাও যাচাই করা জরুরি।

শীতের তুষারপাত শুরু হওয়ার পর টায়ার পরিবর্তনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন সার্ভিস সেন্টারের দীর্ঘ অপেক্ষা এড়ানো যাবে, অন্যদিকে শীতের রাস্তায় নিরাপদে চলাচলের প্রস্তুতিও নিশ্চিত হবে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles