
সম্পর্কের ইতি ঘটেছে অনেক আগেই। দুজনের পথও এখন আলাদা। কিন্তু হঠাৎ কোনো রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা সামাজিক অনুষ্ঠানে দেখা হয়ে যেতে পারে সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে। এমন পরিস্থিতিতে কেউ অস্বস্তিতে পড়েন, কেউ ফিরে যান পুরোনো স্মৃতিতে। আবার কেউ বুঝে উঠতে পারেন না, কীভাবে স্বাভাবিক আচরণ করবেন।
এমন আকস্মিক পরিস্থিতিতে বিব্রতকর অবস্থা এড়াতে এবং নিজের মানসিক শান্তি বজায় রাখতে কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের অনলাইন সাময়িকী ‘মেল ম্যাগাজিন’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে পাঁচটি পরামর্শ।
১. সৌজন্য বজায় রাখুন, কথা বলুন সংক্ষেপে
হঠাৎ দেখা হলে স্বাভাবিকভাবে সালাম বা শুভেচ্ছা বিনিময় করুন। চাইলে হাসিমুখে মাথা নেড়েও সৌজন্য প্রকাশ করতে পারেন। কথা বাড়ানোর ইচ্ছা না থাকলে শুধু কুশল বিনিময় করেই নিজের কাজে ফিরে যান। মনে রাখবেন, দেখা হয়েছে বলেই দীর্ঘ সময় কথা বলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
২. অস্বস্তি হলে সেখান থেকে সরে যান
সাবেক সঙ্গীকে দেখে অস্বস্তি বোধ করলে জোর করে সেখানে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে কোনো কাজের কথা বলে সরে যেতে পারেন। সঙ্গে বন্ধু থাকলে তার কাছে চলে যাওয়া কিংবা স্থানটি ত্যাগ করাও ভালো উপায়। কেন চলে যাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।
৩. পুরোনো বিরোধ নতুন করে সামনে আনবেন না
সম্পর্ক ভাঙার কারণ, পুরোনো অভিযোগ কিংবা অতীতের কষ্ট নিয়ে জনসমক্ষে আলোচনা না করাই ভালো। সাবেক সঙ্গী এসব প্রসঙ্গ তুললেও বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে পারেন, এখন এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। আবেগের বশে এমন কিছু বলা থেকে বিরত থাকুন, যা পরে অনুশোচনার কারণ হতে পারে।
৪. ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন
সাবেক সঙ্গী নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, বিয়ে করেছেন কি না কিংবা কোথায় থাকেন—এমন ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এসব প্রশ্নের উত্তর দিতে অস্বস্তি হলে তা এড়িয়ে যাওয়ার অধিকার আপনার রয়েছে। নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সবকিছু জানাতে আপনি বাধ্য নন।
৫. সামাজিক মাধ্যমে যোগাযোগের আগে ভাবুন
হঠাৎ দেখা হওয়ার পর পুরোনো স্মৃতি মনে পড়ে সাবেক সঙ্গীকে বার্তা পাঠানোর ইচ্ছা জাগতে পারে। তবে আবেগের মুহূর্তে তড়িঘড়ি করে যোগাযোগ না করাই ভালো। এতে মানসিক স্বস্তি ফিরবে, নাকি পুরোনো ক্ষত আবার জেগে উঠবে, তা ভেবে দেখুন। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েক দিন অপেক্ষা করুন।
নিজের মানসিক শান্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ
সম্পর্ক শেষ হয়ে গেলেও পুরোনো অনুভূতি সহজে মুছে যায় না। তাই সাবেক সঙ্গীর সঙ্গে হঠাৎ দেখা হলে অস্বস্তি কিংবা মন খারাপ হওয়াটা অস্বাভাবিক নয়। নিজেকে স্বাভাবিক হতে সময় দিন। প্রয়োজনে কাছের মানুষের সঙ্গে কথা বলুন কিংবা পছন্দের কাজে মনোযোগ দিন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাবেক সঙ্গীর সামনে ভালো থাকার অভিনয় করতে হবে না। কথা বলা, এড়িয়ে যাওয়া কিংবা সেখান থেকে চলে আসা—কোনটি আপনার জন্য স্বস্তিদায়ক, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারই।

