
প্রেমের সম্পর্ক নেই, নিয়মিত কথাবার্তাও হয় না। এমনকি পছন্দের মানুষটি হয়তো জানেনই না, কেউ তাকে নিয়ে মনে মনে সাজিয়ে রেখেছেন প্রেমের গল্প। কল্পনায় কখনো দুজনের ঘনিষ্ঠতা, কখনো একসঙ্গে ভবিষ্যৎ জীবন কাটানোর স্বপ্ন। বাস্তবে কোনো সম্পর্ক না থাকলেও মনের মধ্যে এমন সম্পর্কের জগৎ তৈরি করে নেওয়ার প্রবণতাকেই বলা হচ্ছে ‘ডেলুশনশিপ’।
জেন জিদের মধ্যে পরিচিতি পাওয়া এই নতুন শব্দ এখন সম্পর্ক ও প্রেমবিষয়ক আলোচনায় বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তরুণদের আবেগ ও কল্পনার এক নতুন প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে বিষয়টিকে।
ডেলুশনশিপ কী?
‘ডেলুশনশিপ’ শব্দটি ইংরেজি ‘ডেলুশন’ ও ‘রিলেশনশিপ’ শব্দের সমন্বয়ে তৈরি। সহজভাবে বলতে গেলে, এটি এমন এক কাল্পনিক প্রেমের সম্পর্ক, যেখানে একজন মানুষ নিজের মনে অন্য কাউকে ঘিরে নানা রোমান্টিক ভাবনা তৈরি করেন।
অথচ অপর পক্ষ হয়তো এ বিষয়ে কিছুই জানেন না। দুজনের মধ্যে প্রেমের কোনো সম্পর্কও নেই। তবু নিজের কল্পনায় সেই মানুষটির সঙ্গে সম্পর্কের নানা ধাপ এগিয়ে নিতে থাকেন একজন।
কেন তৈরি হয় এমন সম্পর্ক?
কাউকে ভালো লাগা, তার প্রতি আকর্ষণ কিংবা একসঙ্গে সময় কাটানোর ইচ্ছা থেকেই এমন কল্পনার শুরু হতে পারে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি, ভিডিও কিংবা পোস্ট দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয়। ধীরে ধীরে সেই ব্যক্তিকে ঘিরে নানা ভাবনা ও কল্পনা জমতে থাকে।
বাস্তবে যোগাযোগ না থাকলেও মনের মধ্যে চলতে থাকে সম্পর্কের গল্প। কল্পনায় তৈরি হয় একসঙ্গে ঘুরতে যাওয়া, সময় কাটানো কিংবা ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দূর থেকেই কাউকে অনুসরণ করা এখন সহজ। তার অনলাইন উপস্থিতি দেখে ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়। অনেক সময় বাস্তব পরিচয়ের চেয়ে কল্পনায় গড়ে তোলা মানুষটির প্রতিই আবেগ বেশি জন্ম নেয়।
একতরফা প্রেমের সঙ্গে পার্থক্য কোথায়?
‘ডেলুশনশিপ’ ও একতরফা প্রেম কাছাকাছি মনে হলেও দুটি বিষয় এক নয়। একতরফা প্রেমে একজন মানুষ অন্য কাউকে ভালোবাসেন, কিন্তু অপর পক্ষের কাছ থেকে একই ধরনের ভালোবাসা পান না।
অন্যদিকে ‘ডেলুশনশিপ’-এ বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনার প্রভাব বেশি। কারও সঙ্গে সম্পর্ক হওয়ার সম্ভাবনা কিংবা তার সঙ্গে ভবিষ্যৎ জীবনের নানা দৃশ্য মনে মনে সাজিয়ে নেওয়াই এর প্রধান বৈশিষ্ট্য।
কখন সতর্ক হওয়া প্রয়োজন?
কাউকে পছন্দ করা কিংবা তাকে নিয়ে কল্পনা করা স্বাভাবিক। তবে সেই কল্পনা যখন বাস্তব জীবন, পড়াশোনা, কাজ কিংবা অন্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, তখন সতর্ক হওয়া প্রয়োজন।
নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে পারা জরুরি। কল্পনায় তৈরি সম্পর্ককে বাস্তব ভেবে নেওয়া কিংবা অপর পক্ষের অনুভূতি সম্পর্কে ভিত্তিহীন ধারণা তৈরি করা থেকে বিরত থাকা উচিত।
তবে মনে রাখতে হবে, ‘ডেলুশনশিপ’ কোনো আনুষ্ঠানিক মনস্তাত্ত্বিক রোগনির্ণয় নয়। এটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও তরুণদের কথাবার্তায় ব্যবহৃত একটি অনানুষ্ঠানিক শব্দ।

