পুনর্মিলনের আকাশচুম্বি মূল্য

পুনর্মিলনের আকাশচুম্বি মূল্য - the Bengali Times
সোমবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং আঞ্চলিক নেতারা কানাডার ফার্স্ট নেশনস নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেন

কানাডার ফার্স্ট নেশনসহ আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে পুনর্মিলন প্রক্রিয়ায় গত কয়েক দশকে বিপুল অর্থ ব্যয় করেছে ফেডারেল সরকার। তবে এই ব্যয়ের বিপরীতে আদিবাসী সম্প্রদায়ের জীবনমানের কতটা উন্নতি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রেজার ইনস্টিটিউটের একটি প্রতিবেদন। একই সঙ্গে সরকারি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যয়ের পূর্ণাঙ্গ নিরীক্ষার দাবি উঠেছে।

সোমবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং আঞ্চলিক নেতারা কানাডার ফার্স্ট নেশনস নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেন। বৈঠকটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হলেও, আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে পুনর্মিলন প্রক্রিয়ায় করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

বৈঠকের আলোচ্যসূচিতে ছিল কার্নি সরকারের বৃহৎ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ফলে ফার্স্ট নেশন সম্প্রদায়ের ওপর সম্ভাব্য প্রভাব, অর্থনৈতিক অংশীদারত্ব এবং পুনর্মিলন-সংক্রান্ত বিভিন্ন বিষয়। ফ্রেজার ইনস্টিটিউটের গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫০ বছরে মামলা ও ক্লাস অ্যাকশন নিষ্পত্তির অংশ হিসেবে অটোয়া ফার্স্ট নেশনগুলোকে ১১০ বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেছে। বিশেষ করে ২০১৭ সালের পর এই ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিষ্ঠানটির আরেকটি হিসাব অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর শাসনামলে আদিবাসী-সম্পর্কিত খাতে ফেডারেল সরকারের বার্ষিক ব্যয় মূল্যস্ফীতি সমন্বয়ের পর ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪০ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ব্যয় বৃদ্ধির গতি সামগ্রিক ফেডারেল ব্যয় বৃদ্ধির তুলনায় প্রায় সাত গুণ বেশি।

তবে বিপুল অর্থ ব্যয়ের পরও আদিবাসী জনগোষ্ঠীর জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে। ফেডারেল সরকারের কমিউনিটি ওয়েলবিয়িং ইনডেক্সে শিক্ষা, কর্মসংস্থানে অংশগ্রহণ, আয় এবং আবাসনের মতো বিষয় বিবেচনা করা হয়। সূচকটির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আদিবাসী সম্প্রদায়ের জীবনমানের উন্নতি তুলনামূলকভাবে সীমিত।

কানাডার প্রায় ১৫ লাখ ফার্স্ট নেশনস, মেটিস ও ইনুইট জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান এখনো দেশের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় পিছিয়ে রয়েছে। আয়ুষ্কাল, কর্মসংস্থান ও দারিদ্র্যের মতো গুরুত্বপূর্ণ সূচকেও বৈষম্য রয়ে গেছে। পাশাপাশি আত্মহত্যা, মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য সমস্যা, নরহত্যা ও অন্যান্য অপরাধের উচ্চ হার আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ পরিস্থিতিতে আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দুটি পদক্ষেপের প্রস্তাব সামনে এসেছে। প্রথমত, কার্নি সরকারকে ফার্স্ট নেশনস ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি অ্যাক্ট প্রণয়নের উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, আদিবাসী-সম্পর্কিত খাতে গত কয়েক বছরে ফেডারেল সরকারের ব্যয়ের ওপর একটি পূর্ণাঙ্গ ফরেনসিক অডিট পরিচালনা করা প্রয়োজন।

পুনর্মিলন প্রক্রিয়ার লক্ষ্য শুধু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া নয়, বরং আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান, অর্থনৈতিক সুযোগ এবং সামাজিক অবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা। তাই সরকারি ব্যয়ের স্বচ্ছতা এবং সেই অর্থের বাস্তব ফলাফল মূল্যায়ন এখন কানাডার নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles