এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?

এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস? - the Bengali Times

অ্যালিস হুয়াং

বিশ্বের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে নতুন বিতর্কের জন্ম হয়েছে। এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এবং ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহ ঘিরে শুরু হয়েছে আলোচনা। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি তদন্ত করছে। আলোচনার কেন্দ্রে থাকা ওই নারীর নাম অ্যালিস হুয়াং, যিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত।

গত অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী তাইওয়ানে জন্মগ্রহণকারী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অ্যালিসের সঙ্গে জেনসেনের কোনো পারিবারিক আত্মীয়তা নেই। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

- Advertisement -

তবে তাঁদের সম্পর্কের শুরু কবে এবং কত দিন ধরে তা চলেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

জেনসেনের পাশে অ্যালিসের উপস্থিতি

২০২৪ সালের জুনে তাইপের একটি বারে প্রথমবার জেনসেনের পাশে অ্যালিসকে ছবি তুলতে দেখা যায়। ওই সময় তাঁদের গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে পানীয় পান করতে দেখা গিয়েছিল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, একই সময়ে অ্যালিসের প্রতিষ্ঠান মেগাস্পিড শত শত কোটি ডলারের উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে। পরের বছরের মে মাসে তাইপের একটি রেস্তোরাঁর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেনসেনের পেছনে অ্যালিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তত দিনে এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের বিপুল অঙ্কের লেনদেন মার্কিন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে মেগাস্পিডের প্রধানের বিরুদ্ধে বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগ উঠে আসে।

দ্য টাইমস ও ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত একটি গোপন মেমোতে দাবি করা হয়, এনভিডিয়ার প্রধানের ওপর গোয়েন্দা নজরদারি এবং চীনের কাছে উন্নত চিপ বিক্রির বিষয়ে প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত প্রভাবিত করার উদ্দেশ্যে অ্যালিসকে নিয়োগ করেছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিস হুয়াং চীনা নাগরিক। তিনি সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের একটি বেসরকারি বিনিয়োগ-তথ্যভান্ডারে থাকা তাঁর পরিচিতি অনুযায়ী, তিনি একসময় টেলিভিশন সাংবাদিক ছিলেন। কাজ করেছেন হুনান টিভি ও দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে।

এ ছাড়া এইচএসবিসি ব্যাংকের প্রাইভেট ব্যাংকিং বিভাগে প্রেসিডেন্টের সহকারী হিসেবে কাজ করার তথ্যও রয়েছে তাঁর পরিচিতিতে। পরবর্তী সময়ে তিনি সিআইটিআইসি সিকিউরিটিজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।

তবে তাঁর কর্মজীবনের এসব তথ্য নিয়েও প্রশ্ন উঠেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হুনান টিভির এক কর্মকর্তা অ্যালিসের নাম কখনো শোনেননি বলে জানিয়েছেন। পত্রিকাটি সিসিটিভির ওয়েবসাইটেও তাঁর কোনো পরিচিতি খুঁজে পায়নি।

চীনা বিনিয়োগসংক্রান্ত নথিতে অ্যালিসকে সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও তহবিল ব্যবস্থাপক হিসেবেও উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেন-রোডের সম্পর্ক ছিল।

মেগাস্পিডের করপোরেট ইতিহাসও সেভেন-রোডের সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক শাখা সেভেন-রোড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত। ২০২৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি একই বছর সুইফটডেটার কাছে বিক্রি হওয়ার আগে অ্যালিসের নেতৃত্বাধীন হুয়াং লে লিমিটেডের মালিকানায় ছিল। মালিকানা পরিবর্তনের পরও অ্যালিস ব্যবসাটির সঙ্গে প্রকাশ্যে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য টাইমসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে মেগাস্পিড ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের এনভিডিয়া চিপ কিনেছে।

চিপ রপ্তানি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতার মধ্যে এনভিডিয়ার চিপ রপ্তানির বিষয়টি বরাবরই আলোচনায় রয়েছে। বাইডেন প্রশাসন চীনে এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন চিপ বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর জেনসেন হুয়াং চীনে চিপ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ শিথিলের পক্ষে ব্যাপক তদবির করেন।

এ অবস্থায় অ্যালিসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং ওই নারীর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতার অভিযোগ নতুন করে জাতীয় নিরাপত্তার প্রশ্ন সামনে এনেছে।

কী বললেন ট্রাম্প?

জেনসেনকে ঘিরে বিতর্কের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়েছেন। ৩১ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পরিস্থিতিকে জটিল বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমি জেনসেন হুয়াংকে সবসময়ই সৎ ও স্পষ্টভাষী মানুষ হিসেবে দেখেছি।’ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

এর আগে জেনসেনকে বুদ্ধিমান ও অসাধারণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা কাউন্সিলেও দায়িত্ব পালন করছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী।

এদিকে এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে এনভিডিয়ার ব্যবসা ও মুনাফা দ্রুত বেড়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক প্রতিষ্ঠানটির আগস্টে প্রকাশিত ত্রৈমাসিক মুনাফা ছিল ৫৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। ফলে প্রতিষ্ঠানটির প্রধানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের বিতর্কের পাশাপাশি চিপ বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles