মেয়ের বিয়েতে চার লাখ মানুষের খাবারের আয়োজন, আমন্ত্রণ জানালেন সবাইকে

মেয়ের বিয়েতে চার লাখ মানুষের খাবারের আয়োজন, আমন্ত্রণ জানালেন সবাইকে - the Bengali Times
সংগৃহীত ছবি

ভারতের বিহারে মেয়ের বিয়েকে ঘিরে রীতিমতো রাজকীয় আয়োজন করেছেন মোকামার বিধায়ক ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অনন্ত সিং। আগামী ২৫ নভেম্বর তাঁর ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় চার লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ আয়োজনে শুধু বিহার নয়, গোটা ভারত এমনকি পাকিস্তান থেকেও অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শিবাঙ্গীর হবু স্বামী ঋষিকেশ কুমার বিহটার রামকৃষ্ণ নগরের বাসিন্দা। পেশায় প্রযুক্তিবিদ ঋষিকেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত। তাঁদের বিয়েকে কেন্দ্র করে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায় চলছে ব্যাপক প্রস্তুতি।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিয়ের আয়োজনকে স্মরণীয় করে রাখতে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল ও সুসজ্জিত মঞ্চ। উত্তরপ্রদেশের মউ জেলা থেকে আসা কারিগরেরা এসব নির্মাণের কাজ করছেন। আগামী ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। বর-কনের বসার জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ মঞ্চ। এতে প্রায় ১৫০ কুইন্টাল সাজসজ্জার উপকরণ ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ভিভিআইপি অতিথিদের জন্য থাকছে আলাদা প্যান্ডেল।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরপক্ষের বাড়ি বিহটায় যাওয়া হবে। সেখানে নবদম্পতির জন্য তৈরি করা হয়েছে নতুন আবাসস্থল। অন্যদিকে বরযাত্রীরা বিহটা থেকে মোকামার লাদমা গ্রামে আসবেন।

এই বিয়েতে রাজনৈতিক অঙ্গন ও বিনোদনজগতের বহু পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিংসহ বলিউড এবং ভোজপুরি বিনোদনজগতের অন্তত তিন ডজন তারকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অনন্ত সিং।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত সিং বলেন, ‘সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বিহার নয়, গোটা ভারত এমনকি পাকিস্তান থেকেও অতিথিরা আসছেন। সরকারি ও বিরোধী—দুই পক্ষের রাজনৈতিক নেতাদের কাছেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে শাসক ও বিরোধী বলে কিছু নেই।’

তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মধ্যেই অনন্ত সিংয়ের সামনে রয়েছে আইনি বাধ্যবাধকতা। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় অভিযুক্ত হয়ে গত বছরের অক্টোবরে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে মার্চে জামিনে মুক্তি পান। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিয়ের ছয় দিন পর অর্থাৎ ১ ডিসেম্বরের মধ্যে তাঁকে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেও আলোচনায় আসেন এই বিধায়ক। এক বক্তব্যে অতীতে নয়জনকে হত্যার পেছনে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন বলে খবর প্রকাশিত হয়। পরে অবশ্য বক্তব্যটি প্রত্যাহার করে দাবি করেন, লালু প্রসাদ যাদবের শাসনামলে তাঁর নয়জন সহকর্মী নিহত হয়েছিলেন এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এসব বিতর্কের জেরে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে অনন্ত সিংকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে জনতা দল ইউনাইটেড। তবে রাজনৈতিক ও আইনি বিতর্কের মধ্যেও মেয়ের বিয়েকে ঘিরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে লাদমা গ্রামে।

- Advertisement -

Related Articles

Latest Articles