মডেলিং থেকে বিশ্বমঞ্চে, কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

মডেলিং থেকে বিশ্বমঞ্চে, কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি? - the Bengali Times

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু। এরপর ছোট পর্দায় অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি। এবার সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন সামিরা খান মাহি। সম্প্রতি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে আলোচনায় এসেছেন তিনি। তবে কে এই সামিরা খান মাহি, কীভাবে তাঁর শোবিজে পথচলা শুরু?

- Advertisement -

প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি

সামিরা খান মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটের লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তিনি। সিলেটে শৈশব কাটলেও তাঁর পৈতৃক গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।

মডেলিং দিয়ে শুরু

২০১৪ সালে একটি মডেল সার্চ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে পা রাখেন মাহি। এরপর মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত হন। ধীরে ধীরে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি এবং টিকটকে সক্রিয় উপস্থিতিও তাঁকে পরিচিতি এনে দেয়।

যেসব নাটকে অভিনয় করেছেন

অভিনয়জীবনে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে কাজ করেছেন মাহি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘তরুণ তুর্কী’, ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘ওভারট্রাম্প’। এসব নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

যেভাবে জিতলেন মিস ইউনিভার্সের মুকুট

গত ৭ নভেম্বর ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হন সামিরা খান মাহি। গতবারের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।

এবার লক্ষ্য বিশ্বমঞ্চ

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের প্রতিনিধি মাহি।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে মাহি বলেছেন, দেশের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য। বাবা-মায়ের অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরতে চান তিনি।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শুরু হওয়া পথচলায় এবার যুক্ত হলো নতুন এক অর্জন। এখন দেখার বিষয়, জাতীয় পর্যায়ের এই সাফল্যকে কাজে লাগিয়ে বিশ্বসুন্দরীর মঞ্চে কতটা এগিয়ে যেতে পারেন সামিরা খান মাহি।

- Advertisement -

Related Articles

Latest Articles