কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না : পরীমনি

কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না : পরীমনি - the Bengali Times
চিত্রনায়িকা পরীমনি

সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর এবার পাল্টা প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর প্রশ্ন, ব্যক্তিগত আক্রমণ, অপদস্থ করা ও বয়কটের ডাক দিয়ে কি তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করা যাবে? যারা তাঁর বিরুদ্ধে এসব করছেন, তাঁরাও কি ক্ষমা চাইবেন?

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে। পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তাঁকে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

- Advertisement -

ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না।’ তাঁর ভাষ্য, কাউকে ভয় দেখিয়ে কিংবা তাঁর ওপর চাপ সৃষ্টি করে ক্ষমা আদায় করা সম্ভব হলেও সেটি প্রকৃত অনুশোচনা থেকে আসা ক্ষমা নয়।

নিজের গালাগালের প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এটার জন্য যদি আমি স্যরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই স্যরি বলতে হবে। তুমি গালাগাল করতে পারবা না।’

নিজের বিরুদ্ধে বয়কটের ডাক ও আন্দোলনের সমালোচনা করে পরীমনি প্রশ্ন তোলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে রাস্তায় নেমে তাঁকে অপদস্থ করার অধিকার কে দিয়েছে? তাঁর অভিযোগ, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁকে কোনো কাজ না দেওয়া হয়।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’

সবশেষে নিজের বিরুদ্ধে চলমান কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে পরীমনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, অনুষ্ঠানে এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাঁর গাড়িতে হামলা এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় বলেও জানান অভিনেত্রী।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

আইনি নোটিশ, পাল্টাপাল্টি অভিযোগ ও বয়কটের ডাক—সব মিলিয়ে পরীমনিকে ঘিরে বিনোদন অঙ্গনের বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles