
আদালতকেন্দ্রিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হট্টগোল, ভাঙচুর ও নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন তিনি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে বাধার মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেছেন এই অভিনেত্রী। এ ঘটনায় রোববার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি।
রাত পৌনে ১টার দিকে দেওয়া ওই লাইভে পরীমনি অভিযোগ করেন, অনুষ্ঠানস্থলে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি গাড়িতে উঠতে পারেননি। একপর্যায়ে সহায়তার জন্য থানায় ফোন করতে হয় তাঁকে।
পরীমনি জানান, অনুষ্ঠানে তাঁর পরিবেশনার জন্য নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। তবে দর্শকেরা পুরো আয়োজন উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে আড়ালে না থেকে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘গুলশান থানা-পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’
অনুষ্ঠানের বিভিন্ন স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি প্রশ্ন করেন, এসব ক্ষয়ক্ষতির দায় কে নেবে? অনুষ্ঠানে অংশ নিতে এসে শিল্পীরা যদি হেনস্তার শিকার হন, তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্ব কার? কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ থাকলে সরাসরি বসে আলোচনার আহ্বানও জানান তিনি।
পুলিশের বক্তব্যে ভিন্ন চিত্র
তবে পরীমনির অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল। পরে পরীমনি সেখান থেকে চলে যান। এরপর আর কোনো ঝামেলা হয়নি।
শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল জানিয়ে ওসি বলেন, রোববার ছিল আয়োজনের শেষ দিন। পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ভাঙচুরের ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবেই ফিরে গেছেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই গুলশানের অনুষ্ঠানে হট্টগোল ও গাড়িতে হামলার অভিযোগ তুলে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।
তবে গাড়িতে হামলার অভিযোগ করলেও প্রকাশিত ছবিতে তাঁর গাড়িটি অক্ষত দেখা গেছে। ফলে পরীমনির অভিযোগ এবং পুলিশের বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা।

