পরীমনিকে ক্ষমা চাইতেবললেন হিরো আলম

পরীমনিকে ক্ষমা চাইতেবললেন হিরো আলম - the Bengali Times
হিরো আলম ও পরীমনি

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। তাঁর মতে, গণমাধ্যমের কারণেই আজকের অবস্থানে পৌঁছেছেন অনেক তারকা। তাই সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ দুঃখজনক ও লজ্জাজনক।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

হিরো আলম বলেন, ‘পরীমনির একটা বিষয় নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে। সে বিষয়ে অবশ্য আমিও দুঃখ প্রকাশ করছি। আজকে যদি মিডিয়া না থাকতো, তাহলে আমি হিরো আলম আপনাদের সামনে আসতে পারতাম না।’

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘এই মিডিয়ার কারণে আজকে আমি হিরো আলম। তাই আমাদের মাঝে আজকে যারা সেলিব্রিটি, যারা মিডিয়া পারসন আছেন, তাদের জন্য বলছি—প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।’

পরীমনিকে উদ্দেশ করে হিরো আলম বলেন, ‘আমরা চাই, এটা নিরসন হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ আপনি পরীমনি, আপনাকে মিডিয়া হিরোইন বানাতে পারে, আবার জিরোইন বানাতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রচণ্ড তোলপাড় চলছে। এটা নিরসন হোক। আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।’

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles