নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে তারেক রহমান

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালিতে তারেক রহমান - the Bengali Times
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‌্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘সার্বভৌমত্ব’ র‌্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

বিকেল ৩টার পর নয়াপল্টনে র‌্যালির উদ্বোধন করেন তারেক রহমান। বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। নেতাকর্মীদের হাতে শোভা পায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড।

- Advertisement -

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের পাশ দিয়ে হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। এর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম ডা. জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া র‌্যালিতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা র‌্যালিতে যোগ দেন। দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিএনপির দাবি, দীর্ঘ ২০ বছর পর এবার নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে দলটি। ফ্যাসিবাদী শাসনামলে দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ দলটির। তাদের মতে, এর ফলে নতুন প্রজন্মের অনেকেই ৭ নভেম্বরের ঘটনা, এর প্রভাব ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি।

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ক্ষমতায় আসার পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরতেই এবার বড় পরিসরে কর্মসূচি পালন করেছে বিএনপি।

- Advertisement -

Related Articles

Latest Articles