
দক্ষিণী সিনেমায় কাজ করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাঁকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে রাধিকা জানান, ওই তেলুগু ছবির গল্প ও শুটিংয়ের পরিবেশ—কোনোটিই তাঁর ভালো লাগেনি। বিশেষ করে নিজের মামার সঙ্গে বিয়ের দৃশ্যটি তাঁর কাছে ছিল অত্যন্ত অস্বস্তিকর। পুরো কাজটি করতে গিয়ে মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে।
অভিনেত্রীর ভাষায়, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’
শুধু গল্পের অস্বাভাবিকতা নয়, সহশিল্পীর বয়সের ব্যবধান নিয়েও আপত্তি ছিল রাধিকার। তাঁর অভিযোগ, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। ছবিটির কাজের পরিবেশেও পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল বলে মন্তব্য করেন তিনি।
রাধিকার মতে, এ ধরনের পরিস্থিতিতে কাজ করাই ছিল তাঁর জন্য সবচেয়ে কঠিন বিষয়। তবে সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি তিনি।
এদিকে অভিনেত্রীর বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকের ধারণা, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত তেলুগু ছবি ‘লেজেন্ড’-এর কথাই বলেছেন রাধিকা। ছবিটিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ। তাঁদের প্রশ্ন, ছবির গল্প কিংবা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে চুক্তিবদ্ধ হওয়ার আগেই কেন বিষয়টি বিবেচনা করেননি অভিনেত্রী?
অন্যদিকে কেউ কেউ রাধিকার আগের কাজের প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে তাঁর ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে প্রশ্ন তুলেছেন, সেখানেও তো দুই অভিনয়শিল্পীর বয়সের ব্যবধান ছিল।
সব মিলিয়ে দক্ষিণী সিনেমায় নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে রাধিকার এই মন্তব্য ঘিরে বিনোদনজগতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

