অপুকে হঠাৎ চুমু, আলোচনায় আদনান আজাদ

অপুকে হঠাৎ চুমু, আলোচনায় আদনান আজাদ - the Bengali Times
অপু বিশ্বাস ও আদনান আজাদ

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে সরগরম বিনোদন অঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক রোমান্টিক ভিডিওতে হঠাৎ তাঁকে চুমু দিতে দেখা গেছে এক যুবককে। মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে শুরু হয় নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন। তবে কে সেই যুবক? খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর নাম আদনান আজাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর এক আয়োজনে রয়েছেন অপু বিশ্বাস ও আদনান। একপর্যায়ে আদনান হঠাৎ অপুকে চুমু দেন। আকস্মিক ঘটনায় কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন অভিনেত্রী। এরপরই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

- Advertisement -

জানা গেছে, আদনান আজাদ অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। প্রায় দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।

এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন অপু। অন্যদিকে, বড় পর্দায় নিয়মিত হতে পারেননি আদনান। দীর্ঘ সময় পর আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখে অনেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন।

তবে ভিডিওটি বাস্তব জীবনের বিয়ে কিংবা নতুন কোনো প্রেমের ঘোষণা নয়। এটি মূলত একটি প্রচারণামূলক আয়োজনের অংশ। দর্শকদের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি করতেই এমন রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করে আলোচনায় আসেন অপু বিশ্বাস। সেসব ছবি ঘিরেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়।

এ বিষয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, আদনান আজাদ ভবিষ্যতে বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ কাজে দেশের বাইরের দক্ষ ও পেশাদার কলাকুশলীদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ নিয়ে দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তা চলছে।

সব মিলিয়ে অপু বিশ্বাস ও আদনান আজাদের সাম্প্রতিক রোমান্টিক উপস্থিতি তাঁদের সম্ভাব্য নতুন চলচ্চিত্র প্রকল্পের প্রচারণার অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Related Articles

Latest Articles