
ভালোবাসার প্রস্তাব দিতে গিয়ে এমন কাণ্ড ঘটালেন, যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রায় ৪৪৩ মিটার উঁচু চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব দেন এক রুশ যুগল। তবে রোমাঞ্চকর সেই আয়োজনের শেষটা হয়েছে পুলিশের হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে।
কালো পোশাক পরা ওই যুগল ভবনটির মূল অ্যানটেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করেন। এ সময় একটি ব্যানারও উন্মোচন করেন তারা। তাতে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, তখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।’
যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে ধরা পড়ে পুরো দৃশ্য। তবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের সুযোগ নেই এমন উচ্চতায় অবস্থিত অ্যানটেনার ওপর কীভাবে তারা পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশের বডি-ক্যামেরায় ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, তীব্র বাতাসের মধ্যে মই বেয়ে ওই যুগলের কাছে পৌঁছান এক পুলিশ কর্মকর্তা। তাদের কাছে গিয়ে তিনি জানতে চান, সেখানে কী করছেন। পরে তাদের জানিয়ে দেন, সেখানে অবস্থান করার অনুমতি নেই। এরপর নিচে নামিয়ে এনে গ্রেপ্তার করা হয় দুজনকে।
গ্রেপ্তার হওয়া ওই যুগল হলেন ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এই দুই রুশ তারকা ২০২৪ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-তে অংশ নিয়েছিলেন। উঁচু ভবনের ছাদ ও চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে ওঠার কৌশল, যা ‘রুফটপিং’ নামে পরিচিত, তার জন্য বিশ্বজুড়ে পরিচিত তারা।
এদিকে মেয়ের এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ। পেশায় তিনি রুশ সার্কাসশিল্পী। রয়টার্সকে তিনি বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কী আছে? আমিও বিভিন্ন ভবনের ছাদে উঠি।’
তবে ভবন কর্তৃপক্ষ বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নেয়নি। এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের এক মুখপাত্র ঘটনাটিকে সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে রসিকতার সুরে জানিয়েছেন, বাগ্দান উদ্যাপনের জন্য ওই যুগলের উচিত ছিল অবৈধভাবে ভবনের চূড়ায় ওঠার পরিবর্তে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ কেনা। যার মূল্য এক হাজার ডলার।
ভালোবাসার প্রস্তাবকে স্মরণীয় করে রাখতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার—রুশ এই যুগলের দুঃসাহসিক কাণ্ড এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

