
প্রেমের খোঁজে এবার বিদেশ ভ্রমণের দারুণ সুযোগ দিচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড
প্রেমের খোঁজে এবার বিদেশ ভ্রমণের দারুণ সুযোগ দিচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ আয়োজন করেছে ব্যতিক্রমী এক ডেটিং অনুষ্ঠান। এতে বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিরা অংশ নিতে পারবেন বিনা খরচে। নির্বাচিত ১৬ জনের বিমানভাড়া, থাকা-খাওয়া থেকে শুরু করে যাবতীয় ব্যয় বহন করবে আয়োজক সংস্থা।
‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। এতে অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশটির স্থানীয় অবিবাহিতদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সেখান থেকেই তৈরি হতে পারে নতুন বন্ধুত্ব, এমনকি প্রেমের সম্পর্কও। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়োজনের অন্যতম আকর্ষণ বিশেষ দলীয় নৈশভোজ। হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তাম্পেরে শহরে আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে স্থানীয় অবিবাহিতদের পরিচয় করিয়ে দেওয়া হবে। পরিবেশন করা হবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী ও আঞ্চলিক খাবার। মেনুতে থাকবে বুনো মাছ, বিভিন্ন ধরনের বেরি ও বন থেকে সংগ্রহ করা মাশরুম। দেশটির নামকরা কয়েকজন রাঁধুনি এসব খাবারের আয়োজন করবেন।
বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ফিনিশ খাবারের সঙ্গে দেশটির সুখী জীবনযাপনের গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতি, ঋতু ও মানুষের পারস্পরিক সংযোগের প্রতিফলন ঘটে তাদের খাদ্যসংস্কৃতিতে। খাবার মানুষকে একত্র করে। এবার ভ্রমণকারীদেরও ভিন্নধর্মী এই অভিজ্ঞতার অংশ করতে চায় ফিনল্যান্ড।
পর্যটন সংস্থাটি জানিয়েছে, দেশটির একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা থেকে এ আয়োজনের ধারণা এসেছে। এর নাম ‘সিঙ্কুকোরি’ বা ‘সিঙ্গেল বাস্কেট’। ফিনল্যান্ডের কয়েকটি সুপারমার্কেটে অবিবাহিত ক্রেতাদের জন্য গোলাপি রঙের কেনাকাটার ঝুড়ি রাখা হয়। এই ঝুড়ি ব্যবহারের মাধ্যমে কেউ নিজের অবিবাহিত থাকার বিষয়টি অন্যদের জানাতে পারেন। একই সঙ্গে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহও প্রকাশ করতে পারেন।
আবেদনের যোগ্যতা ও নিয়ম
বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা এ আয়োজনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী ফিনল্যান্ডের বাসিন্দা হতে পারবেন না। প্রত্যেককে আলাদাভাবে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট। নির্বাচিত ১৬ জনের নাম আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হবে।
নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, আবাসন, খাবার ও বিভিন্ন কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে আয়োজক সংস্থা। আয়োজনটি হবে আনন্দমুখর দলীয় নৈশভোজের। যেখানে সবাই একসঙ্গে খাবার উপভোগ করার পাশাপাশি ফিনল্যান্ডের বিশেষ খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের প্রথমে ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে উত্তর দিতে হবে একটি প্রশ্নের—‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’
এরপর ভিডিওটি টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবের মতো যেকোনো একটি উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবে প্রকাশ করতে হবে। পোস্টে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহারের পাশাপাশি ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।
আয়োজকদের আশা, এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নিয়ে কেউ হয়তো খুঁজে পাবেন জীবনসঙ্গী, কেউ প্রেমে পড়বেন ফিনিশ খাবারের, আবার কারও কাছে ফিনল্যান্ড হয়ে উঠতে পারে নতুন প্রিয় ভ্রমণগন্তব্য।

