
রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশ্বখ্যাত র্যাপার নিকি মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করে দেওয়া তাঁর মন্তব্যকে অনেকে অপ্রাসঙ্গিক বলে সমালোচনা করছেন।
রোববার (২৫ অক্টোবর) মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের নির্বাচনী প্রচারে অংশ নেন ট্রাম্প। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ৪৩ বছর বয়সী নিকি মিনাজ। সমাবেশে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানেও ভ্রমণ করেন এই সংগীতশিল্পী।
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে মিনাজের দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাঁর সৌন্দর্য ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন। এ সময় তিনি মিনাজকে দাঁড়াতে বলেন। দর্শকদের উল্লাসের মধ্যে ট্রাম্প জানান, তাঁর মন্তব্যে মিনাজ অপমানিত বোধ করেছেন কি না, তা তিনি আশা করেন না।
অন্যদিকে, মিনাজও ট্রাম্পের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, ট্রাম্পের প্রত্যাবর্তনে দেশে নতুন আশার সঞ্চার হয়েছে। শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কথাও বলেন তিনি। পাশাপাশি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।
ট্রাম্পের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। সমালোচকদের একাংশের মতে, নির্বাচনী প্রচারের মতো রাজনৈতিক অনুষ্ঠানে কোনো নারীর শারীরিক গঠন নিয়ে এ ধরনের মন্তব্য অনুচিত ও অপ্রাসঙ্গিক।

