‘কাকে ভোট দিলাম’ বলে ক্ষোভ, সেই নারী কারাগারে

‘কাকে ভোট দিলাম’ বলে ক্ষোভ, সেই নারী কারাগারে - the Bengali Times

সরকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করার পর বিএনপি নেতাকর্মীদের উত্তেজনার মুখে আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ভোট দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করা সাথী আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তাঁকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাথী আক্তার ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।

- Advertisement -

আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান জানান, ভালুকা থানা-পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে আদালতে পাঠায়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাথী আক্তারের ফেসবুক লাইভের পুরো ভিডিও পর্যালোচনা করে সরকারবিরোধী বক্তব্য বা সরকারের সমালোচনামূলক কিছু পাওয়া যায়নি। তাঁর ভাষ্য, ভিডিওটি পুরোপুরি না দেখেই গুজব ছড়িয়েছে।

ওসি আরও জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর মার্কেটের কয়েকজন ব্যবসায়ী তাঁর সঙ্গে কথা বলতে গেলে সাথী আক্তার তাঁদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ওসি বলেন, কেউ তাঁর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করলে ভিডিও বিশ্লেষণ করে নতুন করে মামলা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অন্যদিকে, সাথী আক্তার জামিনে মুক্ত হলে ব্যবসা পরিচালনায় সমস্যা হবে না বলে মার্কেটের ব্যবসায়ীরা তাঁকে আশ্বস্ত করেছেন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি সরাসরি সম্প্রচার করেন সাথী আক্তার। পাঁচ মিনিট ২২ সেকেন্ড ও আট মিনিট আট সেকেন্ডের ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচারের দাবি জানান। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রোববার রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles