
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাসী হতে দীর্ঘ সময় নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে পোশাক নিয়ে বেশ লাজুক থাকলেও সময়ের সঙ্গে বদলেছে তাঁর দৃষ্টিভঙ্গি। তাই ‘ককটেল ২’ সিনেমায় ১২ বছর পর বিকিনি পরার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে নিজের অভিনয়জীবন, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত পরিবর্তনের কথা জানান কৃতি। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতির। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ হতে সময় লেগেছে তাঁর। ‘ককটেল ২’-এ বিকিনি পরা দৃশ্যটি সেই পরিবর্তনেরই প্রতিফলন বলে জানিয়েছেন অভিনেত্রী।
কৃতির ভাষায়, ‘আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। নিজেকে এত বেশি যাচাই করি যে অন্য যেকোনো কিছুর চেয়ে বিষয়টি আমাকে বেশি ভাবায়। আমার মনে হলে যে আমি নিজের সেরাটা দিতে পারিনি, তখন সেটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।’
বিকিনি পরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘১২ বছর পর আমি বিকিনি পরা দৃশ্যে অভিনয় করেছি। এমন দৃশ্যের ক্ষেত্রে শারীরিক ফিটনেসের চেয়েও নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকা বেশি গুরুত্বপূর্ণ।’
কৃতি আরও বলেন, ‘ককটেল ২’-এর দৃশ্যটি তাঁর জীবনে সঠিক সময়ে এসেছে। এর আগে তিনি কখনো বিকিনি পরেননি। ছয়-আট বছর আগে এমন দৃশ্যে অভিনয় করার কথা ভাবলেও হয়তো রাজি হতেন না। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন তিনি। এখন নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ এবং সমুদ্রসৈকতেও বিকিনি পরেন।
সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় আপত্তি নেই
‘ককটেল ২’ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার প্রসঙ্গেও কথা বলেছেন কৃতি। তাঁর মতে, প্রত্যেক শিল্পীই চান তাঁদের কাজ দর্শকের ভালো লাগুক। তবে দর্শকের প্রতিক্রিয়া সব সময় শিল্পীর নিয়ন্ত্রণে থাকে না।
কৃতি বলেন, নিজের সিনেমা নিয়ে বিপরীতমুখী মতামতও তাঁর ভালো লাগে। ‘তেরে ইশ্ক’ সিনেমার জন্য অনেকের কাছ থেকে দীর্ঘ বার্তা পেয়েছেন তিনি। সিনেমাটি দর্শকদের মনে অনুভূতি তৈরি করতে পেরেছে—এটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
অভিনেত্রীর মতে, কেউ কোনো সিনেমা ভালোবাসবেন, কেউ অপছন্দ করবেন। কারণ, সিনেমা দেখা ব্যক্তিগত অভিজ্ঞতা। একই শিল্পকর্ম ভিন্ন মানুষের কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে। শিল্পের কাজই হলো মানুষের মনে অনুভূতি জাগানো।
শুরুর দিকে পোশাক নিয়েও ছিলেন লাজুক
ক্যারিয়ারের শুরুর দিকের পোশাক নিয়ে নিজের অস্বস্তির কথাও জানিয়েছেন কৃতি। ‘রাবতা’ সিনেমায় তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন ফ্যাশন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া। ‘ককটেল ২’-তেও তাঁর সঙ্গে কাজ করেছেন আনাইতা।
অভিজ্ঞতা স্মরণ করে কৃতি জানান, প্রথমবার আনাইতা পোশাকের সেট নিয়ে এলে তিনি প্রশ্ন করেছিলেন, ‘এর ওপর আর কী পরব?’ তখন তিনি খুব লাজুক ছিলেন এবং নির্দিষ্ট ধরনের পোশাক পরতে চাইতেন না।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। জনপ্রিয় গান ও জটিল সম্পর্কের গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। প্রথম কিস্তির ১৪ বছর পর নির্মিত হচ্ছে ‘ককটেল ২’। এতে কৃতির সঙ্গে অভিনয় করছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।
দীর্ঘ সময়ের ব্যবধানে কৃতির এই পরিবর্তন শুধু পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিজের শরীর, আত্মবিশ্বাস ও অভিনয় নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিতেও এসেছে বদল। আর সেই আত্মবিশ্বাসই তাঁকে নতুন চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সাহস জুগিয়েছে।

