
ভারতের গুরুগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। মৃত্যুর আগে নিজের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ইমেইল পাঠিয়ে বাবা ও বাড়িওয়ালাকে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পরে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে গুরুগ্রামের পুলিশ নিয়ন্ত্রণকক্ষে ফোন করে একটি ফ্ল্যাটে দম্পতির মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সেক্টর ৬৮-এর ‘এমথ্রিএম মেরিনা’ আবাসন প্রকল্পের একটি ফ্ল্যাটে যায়। সেখানে এক নারীর মরদেহ এবং সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ২৮ বছর বয়সি ফারহানা ও ৩০ বছর বয়সি মোহাম্মদ আসলাম। ফারহানার বাড়ি ভারতের কেরালায় এবং আসলামের বাড়ি বেঙ্গালুরুতে। আসলাম গুরুগ্রামের সেক্টর ৫৮-এর একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ফারহানা ছিলেন গৃহিণী।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিজের জীবন শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইমেইল পাঠান আসলাম। বার্তায় তিনি তাঁর বাবা ও বাড়িওয়ালার মুঠোফোন নম্বর দিয়ে তাঁদের ঘটনাটি জানানোর অনুরোধ করেন।
ইমেইল পাওয়ার পর প্রতিষ্ঠানের কর্মকর্তারা দ্রুত বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার চিঠি উদ্ধার করেছে ফরেনসিক দল। পুলিশের প্রাথমিক ধারণা, আসলাম প্রথমে স্ত্রী ফারহানাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি নিজে আত্মহত্যা করেন।
তবে স্ত্রীকে হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

