প্রেমিকার সঙ্গে কথা বন্ধ, ক্ষুব্ধ হয়ে বাবাকেই অপহরণ প্রেমিকের

প্রেমিকার সঙ্গে কথা বন্ধ, ক্ষুব্ধ হয়ে বাবাকেই অপহরণ প্রেমিকের - the Bengali Times

ব্যবসায়ীকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগে ঋষভ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে

প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তার বাবাকেই অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভারতের গুজরাটের সুরাটে বন্দুকের ভয় দেখিয়ে ওই ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সুরাটে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

পুলিশের ভাষ্য, সুরাটের এক ব্যবসায়ীর মেয়ের সঙ্গে ঋষভ নাহাটার প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই তরুণী ঋষভের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণীর বাবাকে অপহরণের পরিকল্পনা করেন তিনি বলে অভিযোগ।

পুলিশ জানায়, দুই সহযোগীকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে যান ঋষভ। সে সময় তরুণী বাড়িতে ছিলেন না। মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করার কারণ জানতে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন তিনি। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে ঋষভ ও তার সহযোগীরা বন্দুকের ভয় দেখিয়ে ব্যবসায়ীকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই সুরাটের সিটি লাইট এলাকা থেকে ওই ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় এবং ঋষভসহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভ ও ওই তরুণীর মধ্যে আগে সম্পর্ক ছিল। পরে তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ঋষভ।

তবে জিজ্ঞাসাবাদে ঋষভ দাবি করেন, ওই তরুণী তার এক নারী বন্ধুকে ফোনে গালাগাল করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা চাইতেই তিনি ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণের অভিযোগে ঋষভ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিন অভিযুক্তের বিরুদ্ধেই আগের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles