একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন?

একের পর এক প্রেম, হলিউড তারকা থেকে সহকর্মী—কেমন ছিল ইলন মাস্কের রোমান্টিক জীবন? - the Bengali Times
ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের কর্মজীবনের মতোই বৈচিত্র্যময় তার ব্যক্তিগত জীবন। একাধিক বিয়ে, বিচ্ছেদ, হলিউড তারকার সঙ্গে প্রেম থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠানের সহকর্মীর সঙ্গে সম্পর্ক—বছরের পর বছর তার প্রেমজীবন থেকেছে আলোচনায়। এবার দীর্ঘদিনের সঙ্গী শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের আকস্মিক ইতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিভন জিলিস জানান, কোনো পূর্বাভাস ছাড়াই মাস্ক তার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন। বিচ্ছেদের কিছুদিন আগেও তাদের মধ্যে ঘনিষ্ঠ ও স্নেহপূর্ণ বার্তা আদান-প্রদান হয়েছিল বলে জানান তিনি। বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিলেও চার সন্তানের কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে ভালো বন্ধু ও সহ-অভিভাবক হিসেবে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন জিলিস।

- Advertisement -

মাস্কের প্রেমজীবনের শুরু কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়ার সময়। সে সময় জেনিফার গুইনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ক্যালিফোর্নিয়ায় চলে গেলে সেই সম্পর্কের ইতি ঘটে।

এরপর ২০০০ সালে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও লেখক জাস্টিন উইলসনকে বিয়ে করেন মাস্ক। তাদের সংসারে কয়েক সন্তান জন্ম নেয়। তবে দাম্পত্যে টানাপোড়েনের পর ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়।

প্রথম বিয়ের পরপরই ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০১০ সালে তারা বিয়ে করেন। কিন্তু সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি। ২০১২ সালে বিচ্ছেদের পর ২০১৩ সালে আবারও বিয়ে করেন তারা। শেষ পর্যন্ত ২০১৬ সালে তাদের সম্পর্কের স্থায়ী সমাপ্তি ঘটে।

এরপর হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। যদিও শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি।

২০১৮ সালে কানাডীয় সংগীতশিল্পী ক্লেয়ার বাউচারের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। তাদের সম্পর্ক থেকেও সন্তান জন্ম নেয়। পরবর্তীতে নানা টানাপোড়েন ও আইনি জটিলতার কারণে তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।

এরপর মাস্কের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় আসে শিভন জিলিসকে ঘিরে। নিউরালিংকের শীর্ষ কর্মকর্তা জিলিসের সঙ্গে মাস্কের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০২২ সালে। সে সময় তাদের যমজ সন্তানের জন্মের খবর সামনে আসে। পরে জানা যায়, এই জুটির মোট চার সন্তান রয়েছে।

প্রযুক্তি ও ব্যবসার জগতে ইলন মাস্ক যতটা আলোচিত, তার ব্যক্তিগত জীবনও ততটাই কৌতূহলের বিষয়। একের পর এক সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ ও সন্তান—সব মিলিয়ে তার রোমান্টিক জীবন যেন আলাদা এক দীর্ঘ গল্প। আর শিভন জিলিসের সঙ্গে সাম্প্রতিক বিচ্ছেদ সেই গল্পে যোগ করেছে আরেকটি নতুন অধ্যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles