প্রাক্তনকে পুরোপুরি ভুলতে কত সময় লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে কত সময় লাগে? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য - the Bengali Times
নতুন এক গবেষণা বলছে প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত টান অর্ধেক কমতে গড়ে প্রায় চার বছর সময় লাগতে পারে

বিচ্ছেদের পর প্রাক্তন সঙ্গীকে ভুলে যাওয়া সবার জন্য সমান সহজ নয়। কারও ক্ষেত্রে কয়েক মাসেই আবেগ কমে যায়, আবার কারও মনে বছরের পর বছর থেকে যায় পুরোনো সম্পর্কের টান। নতুন এক গবেষণা বলছে, প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত টান অর্ধেক কমতে গড়ে প্রায় চার বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের গবেষক জিয়া ওয়াই. চং ও আর. ক্রিস ফ্রেলি এ গবেষণা পরিচালনা করেন। ২০২৫ সালে গবেষণাটি ‘সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়।

- Advertisement -

গবেষণায় ৩২৮ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের প্রত্যেকের অন্তত দুই বছর স্থায়ী প্রেমের সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৩০-এর কোঠায়। তাঁদের মধ্যে ৫৭ শতাংশ ছিলেন নারী। সম্পর্কগুলো গড়ে প্রায় সাড়ে চার বছর স্থায়ী হয়েছিল এবং গবেষণার সময় বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পেরিয়ে গিয়েছিল।

গবেষকেরা প্রাক্তন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর ইচ্ছা, নিরাপত্তাবোধ এবং আবেগগত টানসহ বিভিন্ন বিষয় পরিমাপ করেন। পাশাপাশি একই বিষয় একজন অপরিচিত ব্যক্তিকে ঘিরেও যাচাই করা হয়।

ফলাফলে দেখা যায়, সময়ের সঙ্গে অধিকাংশ মানুষের প্রাক্তন সঙ্গীর প্রতি আবেগগত বন্ধন ধীরে ধীরে কমে আসে। তবে এই প্রক্রিয়া বেশ ধীর। গবেষণার হিসাবে, আবেগগত বন্ধন অর্ধেক কমতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। দীর্ঘমেয়াদি এই প্রবণতা সরলভাবে হিসাব করলে পুরোপুরি আবেগমুক্ত হতে প্রায় আট বছর সময় লাগতে পারে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এটি কোনো নির্দিষ্ট সময়সীমা নয়। ব্যক্তিভেদে বিচ্ছেদের পর আবেগ কমার সময় অনেকটাই ভিন্ন হতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রাক্তন সঙ্গীর সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলে আবেগগত বন্ধন দীর্ঘস্থায়ী হওয়ার প্রবণতা থাকে। উদ্বেগপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রেও প্রাক্তনের প্রতি আবেগ তুলনামূলক বেশি সময় ধরে থাকার প্রবণতা দেখা গেছে।

অন্যদিকে, নতুন সম্পর্কে জড়ানো কিংবা নারী-পুরুষের পার্থক্য—প্রাক্তনের প্রতি আবেগ কত দ্রুত কমবে, এতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।

গবেষকদের মতে, বিচ্ছেদের পর প্রাক্তনকে ভুলে যাওয়ার জন্য সবার ক্ষেত্রে একই সময় প্রযোজ্য নয়। কারও আবেগ দ্রুত কমে যেতে পারে, আবার কারও ক্ষেত্রে বহু বছর পরও পুরোনো সম্পর্কের কিছুটা টান থেকে যেতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles