
বলিউডের ধনী অভিনেতাদের তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই তারকার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি।
শুধু অভিনয় নয়, ব্যবসা থেকেও শাহরুখের বিপুল আয় রয়েছে। তাঁর সম্পদের বড় একটি অংশ এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং ক্রীড়া প্রতিষ্ঠান নাইট রাইডার্স স্পোর্টস থেকে।
তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি রুপি। ৩ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে সালমান খান। আর প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন।
তবে শীর্ষস্থান ধরে রাখলেও গত এক বছরে শাহরুখের সম্পদ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে তাঁর সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরের ব্যবধানে তাঁর সম্পদ কমেছে প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি।
এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি রুপি দেখানো হয়েছিল। তারপরও ভারতের ধনী অভিনেতাদের তালিকায় নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন বলিউডের এই তারকা।

