তুহিনের ফোনে একের পর এক কল, অপ্রতিম হত্যায় মিলল নতুন তথ্য

তুহিনের ফোনে একের পর এক কল, অপ্রতিম হত্যায় মিলল নতুন তথ্য - the Bengali Times
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। গ্রেফতার সাইফুল ইসলাম ওরফে তুহিনের মোবাইলে আসা একের পর এক কলের সূত্র ধরে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে মানববন্ধনে এসব তথ্য জানান বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা।

- Advertisement -

তদন্তসংশ্লিষ্টরা জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও অন্যদের নাম বলতে রাজি হয়নি। এ সময় তার মোবাইলে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা এক কিশোরের একাধিক কল আসে। পরে ওই কিশোরকেও হেফাজতে নেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে অপ্রতিমের কাছ থেকে একটি আইফোন নেওয়া এবং ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য পাওয়া যায়। অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা ওই কিশোরকে অপ্রতিম ৫ হাজার টাকা ধার দিয়েছিল বলে জানা গেছে। টাকা ফেরত চাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল।

তদন্তসংশ্লিষ্টদের ধারণা, টাকা ফেরত দেওয়ার চাপ এবং আইফোনের বিষয়টি হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

এদিকে অপ্রতিমের মা দাবি করেছেন, তিনি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কোনো প্রতিশোধের সঙ্গে অপ্রতিম হত্যার যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles