ভালোবাসা আছে, কিন্তু স্বপ্ন আলাদা—সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে

ভালোবাসা আছে, কিন্তু স্বপ্ন আলাদা—সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে - the Bengali Times
ভালোবাসার সম্পর্কে দুজন মানুষের সব স্বপ্ন ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা এক হবেএমন কোনো কথা নেই

ভালোবাসার সম্পর্কে দুজন মানুষের সব স্বপ্ন, ইচ্ছা ও ভবিষ্যৎ পরিকল্পনা এক হবে—এমন কোনো কথা নেই। একজন হয়তো স্থির চাকরি, নিজের শহরে সংসার ও সন্তান চান। অন্যজনের স্বপ্ন হতে পারে ব্যবসা শুরু করা, বিদেশে যাওয়া, নতুন শহরে বসতি গড়া কিংবা ঘুরে বেড়ানো। ভালোবাসা অটুট থাকলেও ভবিষ্যৎ নিয়ে এমন ভিন্নতা কখনো কখনো সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে।

সম্পর্ক বিশেষজ্ঞ চাঁদনি গাগলানির মতে, ভিন্ন উচ্চাকাঙ্ক্ষা থাকলেই কোনো সম্পর্ক ব্যর্থ হবে, এমন নয়। বরং গুরুত্বপূর্ণ হলো—দুজন মানুষ একে অপরের স্বপ্ন, পছন্দ ও জীবনযাপনের ইচ্ছাকে কতটা সম্মান করেন।

- Advertisement -

সমস্যা তৈরি হয় যেভাবে

ধরা যাক, একজন নিজের ব্যবসা গড়ে তুলতে চান। তাঁর কাজের সময় নির্দিষ্ট নয় এবং প্রয়োজনে অন্য শহরে যেতে হতে পারে। অন্যদিকে সঙ্গী দ্রুত বিয়ে করে স্থির সংসার শুরু করতে চান। এখানে কারও চাওয়া ভুল নয়। সমস্যা তখনই তৈরি হয়, যখন একজন ধরে নেন যে সময়ের সঙ্গে অন্যজন নিজের স্বপ্ন বদলে ফেলবেন।

একইভাবে একজন ঢাকায় ভালো চাকরির সুযোগ পেয়ে সেখানে থাকতে চাইতে পারেন, আর অন্যজন পরিবার ও বাবা-মায়ের কাছাকাছি নিজ শহরে থাকতে চাইতে পারেন। বিয়ের পর কোথায় থাকবেন—এই সিদ্ধান্তই তখন বড় দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে।

ক্যারিয়ার ও পরিবারের ভারসাম্য

ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় অনেকের জীবনে বিয়ে ও সংসার পরিকল্পনার সঙ্গে একই সময়ে আসে। বিশেষ করে উচ্চশিক্ষা, পদোন্নতি কিংবা অন্য শহর বা দেশে চাকরির সুযোগ সামনে এলে সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হয়।

একজন সঙ্গী যদি বিদেশে ভালো চাকরির সুযোগ পান, কিন্তু অন্যজন নিজের ব্যবসা বা পারিবারিক দায়িত্বের কারণে সেখানে যেতে না চান, তাহলে দুজনকে বসে সিদ্ধান্ত নিতে হবে। কেউ কি নিজের ক্যারিয়ার থামাবেন, নাকি কিছু সময় আলাদা জায়গায় থেকেও সম্পর্ক চালিয়ে যাবেন—এমন প্রশ্নের উত্তর আগে থেকেই আলোচনা করা জরুরি।

বিয়ের আগে যেসব বিষয় নিয়ে কথা বলা দরকার

শুধু ভালোবাসা আছে কি না, তা জানাই দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য যথেষ্ট নয়। ভবিষ্যৎ নিয়েও খোলামেলা আলোচনা প্রয়োজন।

কোথায় থাকবেন, কার ক্যারিয়ারকে কখন অগ্রাধিকার দেওয়া হবে, সন্তান নেওয়ার পরিকল্পনা কী, দুই পরিবারের দায়িত্ব কীভাবে ভাগ হবে কিংবা প্রয়োজনে কেউ ক্যারিয়ারে বিরতি নিলে অন্যজন কীভাবে সহযোগিতা করবেন—এসব বিষয় নিয়েও আগেই কথা বলা উচিত।

এসব আলোচনা হয়তো খুব রোমান্টিক মনে নাও হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে এগুলোই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে।

একই স্বপ্ন নয়, দরকার পারস্পরিক সম্মান

দুজন মানুষের স্বপ্ন আলাদা হলেও সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। শর্ত হলো, কেউ যেন সম্পর্কের অজুহাতে অন্যজনকে নিজের গুরুত্বপূর্ণ স্বপ্ন বিসর্জন দিতে বাধ্য না করেন।

একজন যদি ভ্রমণপ্রিয় হন আর অন্যজন স্থির জীবন পছন্দ করেন, তাহলে মাঝামাঝি কোনো পথ খুঁজে নেওয়া যেতে পারে। নির্দিষ্ট সময়ে ভ্রমণ, কিছুদিন অন্য শহরে থাকা কিংবা ক্যারিয়ারের সুযোগ অনুযায়ী ভবিষ্যৎ পরিকল্পনা পরিবর্তনের মতো সমঝোতাও করা সম্ভব।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—একজনের স্বপ্ন যেন অন্যজনের কাছে বোঝা হয়ে না দাঁড়ায়।

সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি

দুজনের পাঁচ বছরের পরিকল্পনা একেবারে একই হতে হবে না। একজন বড় ব্যবসা করতে চাইতে পারেন, অন্যজন শান্ত সংসার চান। তবুও সম্পর্ক টিকে থাকতে পারে, যদি দুজন একে অপরের স্বপ্নকে জায়গা দিতে পারেন।

মতপার্থক্য হলে কথা বলে সমাধান খোঁজা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দুজনের মতামতকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে সমঝোতার পথ বের করাই সম্পর্ককে শক্তিশালী করতে পারে।

কারণ সুখী সম্পর্কের জন্য সবসময় একই গন্তব্যের প্রয়োজন হয় না। আলাদা স্বপ্ন নিয়েও পাশাপাশি হাঁটা যায়—যদি সেখানে থাকে ভালোবাসার পাশাপাশি সম্মান, সহযোগিতা এবং নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ।

- Advertisement -

Related Articles

Latest Articles