
চিত্রনায়িকা পরীমনি ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে। জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নামে তৈরি ওই সংবাদে দাবি করা হয়, আসিফ মাহমুদ পরীমনিকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের আদলে একটি প্রতিবেদন দেখা যায়। শিরোনামে লেখা ছিল—‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি।’
তবে অনুসন্ধানে দেখা গেছে, পরীমনি প্রকাশ্যে এমন কোনো বক্তব্য দেননি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যমেও এ ধরনের বক্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায়ও এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটির ছবিটি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী ব্যবস্থার মাধ্যমে যাচাই করা হয়। এতে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়েছে।
ফলে বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত ওই সংবাদ ও ছবিটি বাস্তব নয় বলে যাচাইয়ে উঠে এসেছে। অর্থাৎ গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে পরীমনি ও আসিফ মাহমুদকে জড়িয়ে তৈরি করা একটি কৃত্রিম ছবি ও ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

