
স্বামীর পছন্দের অন্য নারীকে বিয়ে করিয়ে নিজ সংসারে সতীন হিসেবে তুলে নিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের রুমা আক্তার। বর্তমানে স্বামী আব্দুর রহমান ও দুই স্ত্রী একই ছাদের নিচে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে রুমার সঙ্গে আব্দুর রহমানের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। প্রায় চার বছর আগে আব্দুর রহমান স্ত্রীকে জানান, নাজনীন সুলতানা নামে এক নারীকে তাঁর ভালো লাগে। বিষয়টি নিয়ে বিরোধে না গিয়ে রুমা স্বামীর পছন্দকে মেনে নেন এবং নিজেই নাজনীনকে নিয়ে কাজি অফিসে গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করেন।
এরপর থেকে রুমা ও নাজনীন একই বাড়িতে বসবাস করছেন। সংসারের কাজ ভাগাভাগি করে করেন তারা। একসঙ্গে রান্না, খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরিও করেন।
রুমা বলেন, ‘স্বামী নাজনীনকে পছন্দ করেন জানতে পেরে আমি নিজেই তাদের বিয়ের ব্যবস্থা করি। এখন আমরা তিনজন সুখেই আছি।’
আব্দুর রহমানও দাবি করেন, তিনি দুই স্ত্রীকে সমানভাবে দেখেন এবং দুজনের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। বাইরে বের হলে নানা মন্তব্য শুনতে হলেও সেগুলোকে গুরুত্ব দেন না তিনি।

