
চিত্রনায়িকা পরীমণির কোলে এক সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা। ছবির সঙ্গে তাঁর দেওয়া ছোট্ট একটি বার্তাই যেন বাড়িয়ে দিয়েছে রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
সোমবার সকালে নিজের ফেসবুক পাতায় ছবিটি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, গাড়িতে বসে রোদচশমা পরা পরীমণির কোলে একটি ছোট শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুসারীদের ভিড় জমে যায়। অনেকেই তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি জানতে চান, শিশুটি কে।
পরীমণির এমন পোস্টের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, তা হলো—তবে কি আবারও মা হলেন অভিনেত্রী? কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো আরও একটি শিশুকে দত্তক নিয়েছেন।
শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা তাঁর ভক্তদের অনেকেরই জানা। এর আগেও বিভিন্ন সময় তিনি একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। এমনকি মজা করে একবার শত সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন এই অভিনেত্রী।
বর্তমানে পরীমণির দুই সন্তান রয়েছে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে তাঁর প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যর জন্ম হয়। পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হলে সন্তানকে নিজের কাছেই রেখে বড় করছেন পরীমণি। এরপর তিনি একটি কন্যাশিশুকে দত্তক নেন। মেয়েটির নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
দুই সন্তানকে ঘিরেই বর্তমানে তাঁর ব্যস্ত সময় কাটছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
তবে এবার প্রকাশিত ছবির শিশুটি তাঁর তৃতীয় সন্তান কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য দেননি পরীমণি। বিষয়টি নিশ্চিত করতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শিশুটির প্রসঙ্গ ওঠার আগেই ফোন কেটে দেন তিনি।
ফলে ‘তিন নাম্বার জন ডান’—পরীমণির এই রহস্যময় বার্তার অর্থ কী, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে। সত্যিই কি পরিবারে নতুন সদস্য এসেছে, নাকি অন্য কোনো কারণে শিশুটিকে কোলে নিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী—এখন সেই উত্তরই খুঁজছেন তাঁর ভক্তরা।

