ক্রিকেটের মাঠ থেকে বলিউড, রিনা রায়ের প্রেমে বদলে যায় মহসিন খানের জীবন

ক্রিকেটের মাঠ থেকে বলিউড, রিনা রায়ের প্রেমে বদলে যায় মহসিন খানের জীবন - the Bengali Times
পাকিস্তানের ক্রিকেট মাঠে দাপুটে ব্যাটিং এরপর বলিউডের রুপালি পর্দায় অভিষেকআর সেই পথেই ভারতীয় অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে প্রেম ও বিয়ে

পাকিস্তানের ক্রিকেট মাঠে দাপুটে ব্যাটিং, এরপর বলিউডের রুপালি পর্দায় অভিষেক—আর সেই পথেই ভারতীয় অভিনেত্রী রিনা রায়ের সঙ্গে প্রেম ও বিয়ে। পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের জীবন যেন ক্রিকেট, চলচ্চিত্র ও ব্যক্তিগত সম্পর্কের এক বিরল গল্প।

১৯৮৩ সালের সেপ্টেম্বরে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে ঘিরে ব্যাঙ্গালোরে অবস্থান করছিলেন মহসিন খান। তখনই ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জে পি দত্তার সঙ্গে তার পরিচয়। দত্তা তাকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ক্রিকেটে ব্যস্ত মহসিন তখন রাজি না হলেও জানিয়ে দেন, ক্রিকেট ছাড়ার পর অভিনয়ের প্রস্তাব রাখবেন।

- Advertisement -

কিছুদিন পর মুম্বাইয়ে ফের দেখা হয় দুজনের। জে পি দত্তা তখন নিজের ছবিতে ধর্মেন্দ্র ও বিনোদ খান্নার সঙ্গে তৃতীয় নায়ক হিসেবে মহসিনকে নেওয়ার কথা জানান। এভাবেই ক্রিকেটার মহসিন খানের বলিউড যাত্রা শুরু হয়।

তবে তার চলচ্চিত্রজীবনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিনেত্রী রিনা রায়ের। ইংল্যান্ডে লিগ ক্রিকেট খেলার সময় মহসিনের সঙ্গে রিনা রায়ের প্রথম পরিচয়। মহসিনের বোনই তাদের পরিচয় করিয়ে দেন।

প্রথম পরিচয় থেকে ধীরে ধীরে ঘনিষ্ঠতা, এরপর প্রেম। ১৯৮৩ সালেই বিয়ে করেন তারা। সে সময় কোনো পাকিস্তানি ক্রিকেটারের ভারতীয় অভিনেত্রীকে বিয়ে করার ঘটনা ছিল অত্যন্ত বিরল। দুজনই তখন নিজ নিজ ক্যারিয়ারের শীর্ষে।

মহসিন পরে জানিয়েছিলেন, বিয়ের আগে রিনা রায়ের কোনো সিনেমাই তিনি দেখেননি। চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ এতটাই কম ছিল যে, টেলিভিশনে অমিতাভ বচ্চনের কোনো দৃশ্য চোখে পড়লে কেবল কয়েক মুহূর্ত দেখতেন।

বিয়ের পর রিনা রায় চলচ্চিত্র থেকে সরে পাকিস্তানে বসবাস শুরু করেন। কিন্তু সম্পর্ক বেশিদিন টেকেনি। নব্বইয়ের দশকের গোড়ায় তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর রিনা ভারতে ফিরে আবার অভিনয়ে ফেরেন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। মেয়ের অভিভাবকত্ব নিয়েও একসময় দুজনের মধ্যে আইনি লড়াই হয়েছিল।

ক্রিকেটেও ছিল সাফল্যের ঝড়

অভিনয়ে নামার আগে মহসিন খান ছিলেন পাকিস্তানের অন্যতম প্রতিভাবান ব্যাটার। ১৯৮২ সালে লর্ডসে তার ঐতিহাসিক দ্বিশতরান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে বিশেষ জায়গা করে নেয়। একই বছর তিনি এক ক্যালেন্ডার বছরে এক হাজার টেস্ট রান করা প্রথম পাকিস্তানি ব্যাটার হন।

১৯৮৩-৮৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত পারফরম্যান্স দেখান মহসিন। অ্যাডিলেডে ১৪৯ এবং মেলবোর্নে ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুই টেস্টে শতরান করা প্রথম পাকিস্তানি ব্যাটারও হন তিনি।

সেই সময় তার ব্যাটিং দেখে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান মুগ্ধ হয়েছিলেন বলে জানান ইয়ান চ্যাপেল। তবে ব্র্যাডম্যানের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ আর হয়নি মহসিনের। অন্যদিকে মেলবোর্নের ইনিংসের পর ডেনিস লিলিও তার ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন।

রুপালি পর্দায়ও আলোচনায়

জে পি দত্তার ‘বাঁটওয়ারা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মহসিন বলিউডে নিজের জায়গা তৈরি করেন। ধর্মেন্দ্র, বিনোদ খান্না ও শাম্মি কাপুরের মতো তারকাদের সঙ্গে কাজ করেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়নও পান।

বলিউডে মোট ১৩টি ছবিতে অভিনয় করেন মহসিন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘মহানতা’ ছিল তার শেষ বলিউড ছবি। পাকিস্তানি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সেখানে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সালা বিগড়া যায়ে’, যা মুক্তি পায় ১৯৯৯ সালে।

আবার ক্রিকেটেই প্রত্যাবর্তন

চলচ্চিত্রজগত থেকে সরে যাওয়ার পর মহসিন আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হন। পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ও প্রধান কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে পাকিস্তান দল ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার মতো সাফল্যও পায়।

এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেটার হিসেবে প্রথম অধ্যায়ের ইতি টানা মহসিন খান পরবর্তী সময়ে হয়ে ওঠেন ক্রিকেটার, অভিনেতা, কোচ ও ক্রিকেট প্রশাসক—সব মিলিয়ে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব।

ক্রিকেট ও অভিনয়ের অভিজ্ঞতা থেকে মহসিনের মতে, চলচ্চিত্রের তুলনায় ক্রিকেটই বেশি কঠিন। কারণ অভিনয়ে ভুল হলে আবার দৃশ্য ধারণের সুযোগ থাকে, কিন্তু ক্রিকেট মাঠে ভুল সংশোধনের সুযোগ নেই। মাঠে মুহূর্তের সিদ্ধান্তই হয়ে যায় চূড়ান্ত।

মহসিন খানের জীবন তাই শুধু একজন ক্রিকেটারের গল্প নয়; বরং খেলাধুলা থেকে চলচ্চিত্র, প্রেম থেকে বিচ্ছেদ এবং আবার ক্রিকেটে ফিরে আসার এক ব্যতিক্রমী যাত্রার নাম।

- Advertisement -

Related Articles

Latest Articles