
দুই বছরের একটি সম্পর্কের সময় ভয়াবহ মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন দক্ষিণি অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। সম্প্রতি এক অনুষ্ঠানে জীবনের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের মানসিক চাপ ও কান্নার প্রভাব পড়েছিল তার শরীরেও।
অনুপমার ভাষ্য, সম্পর্কের আগে তিনি ছিলেন স্বাভাবিক ও হাসিখুশি মানুষ। কিন্তু ক্রমাগত উদ্বেগ ও মানসিক চাপে তার প্যানিক অ্যাটাক শুরু হয়। আচমকা হাত-পা কাঁপত, কখনো শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। এমনকি ব্ল্যাকআউটের অভিজ্ঞতাও হয়েছে তার।
মানসিক চাপের কারণে খাওয়াদাওয়াতেও সমস্যা দেখা দেয়। কোনো কথোপকথনের পর অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়লে খাবার খাওয়ার পর বমি হয়ে যেত বলে জানান তিনি। এতে দ্রুত ওজনও কমতে শুরু করে।
শুটিংয়ের সময় তার ডান চোখ অনিয়ন্ত্রিতভাবে কাঁপত। পরিস্থিতি কখনো এতটাই খারাপ হতো যে শুটিং বন্ধ রাখতে হতো। পরে চোখের ল্যাক্রিমাল গ্রন্থিতে সমস্যা দেখা দেয়। অনুপমার দাবি, প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদার কারণে গ্রন্থিটি ফুলে গিয়ে স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে আসে। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতে হয় তাকে।
তবে প্রাক্তন সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও তিনি এ বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।
সেই কঠিন সময় পেরিয়ে এখন কাজ ও নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে চলেছেন অনুপমা।

