প্রথম দেখায় প্রেম কেন হয়, সত্যিই কি সেই প্রেম টেকে?

প্রথম দেখায় প্রেম কেন হয়, সত্যিই কি সেই প্রেম টেকে? - the Bengali Times
কাউকে প্রথম দেখার কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে তবে এই অনুভূতির পেছনে শুধু আবেগ নয় মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়াও কাজ করে

প্রথম দেখায় প্রেম—সিনেমা কিংবা গল্পে যতটা পরিচিত, বাস্তব জীবনেও এর অভিজ্ঞতা একেবারে বিরল নয়। বিজ্ঞানীদের মতে, কাউকে প্রথম দেখার কয়েক সেকেন্ডের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। তবে এই অনুভূতির পেছনে শুধু আবেগ নয়, মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়াও কাজ করে।

গবেষকদের মতে, হঠাৎ কারও প্রতি আকর্ষণ তৈরি হলে মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার-সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে। এ সময় ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের ভূমিকা থাকে। ফলে ভালো লাগা, উত্তেজনা, বুক ধড়ফড় করা কিংবা সেই মানুষটিকে বারবার দেখার ইচ্ছা তৈরি হতে পারে।

- Advertisement -

কয়েক সেকেন্ডেই কেন ভালো লাগে?

কারও মুখের অভিব্যক্তি, হাসি, চোখের দৃষ্টি, পোশাক, হাঁটার ধরন ও শরীরের অঙ্গভঙ্গির মতো নানা সংকেত খুব দ্রুত বিশ্লেষণ করে মস্তিষ্ক। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী ওয়েন্ডি গার্ডনারের মতে, সাত সেকেন্ডেরও কম সময়ে একজন মানুষ সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি হতে পারে।

তবে এই ধারণা মানেই সেই ব্যক্তির সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে জানা নয়। সময়ের সঙ্গে প্রাথমিক ধারণা বদলে যেতে পারে।

আকর্ষণের পেছনে শুধু চেহারাও দায়ী নয়। একই বিষয় দেখে দুজনের একই সময়ে হাসা, একই ধরনের অনুভূতি প্রকাশ কিংবা হঠাৎ চোখে চোখ পড়ে যাওয়ার মতো ছোট ঘটনাও অপরিচিত দুজনের মধ্যে সংযোগ তৈরি করতে পারে।

মনোবিজ্ঞানে এমন অভিজ্ঞতাকে ‘আই-শেয়ারিং’ বলা হয়। এতে মনে হতে পারে, ‘এই মানুষটিও বিষয়টি আমার মতোই দেখছে।’ এমন অনুভূতি সাময়িকভাবে ঘনিষ্ঠতা ও বোঝাপড়ার অনুভূতি তৈরি করতে পারে।

প্রথম দেখার প্রেম কি টেকে?

প্রথম দেখায় তীব্র আকর্ষণ তৈরি হলেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে—এমন নিশ্চয়তা নেই। প্রথম মুহূর্তের ভালো লাগা অনেকটাই বাহ্যিক সংকেত ও তাৎক্ষণিক মানসিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।

অন্যদিকে দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সম্মান, মূল্যবোধের মিল এবং আচরণের সামঞ্জস্য।

তাই প্রথম দেখার আকর্ষণ হতে পারে সম্পর্কের শুরু, কিন্তু সেটিই ভবিষ্যৎ নির্ধারণ করে না। কয়েক সেকেন্ডে প্রেমের প্রথম ঝলক তৈরি হতে পারে, তবে সেই অনুভূতিকে গভীর ভালোবাসায় পরিণত করতে প্রয়োজন সময়, যত্ন ও পারস্পরিক বোঝাপড়া।

- Advertisement -

Related Articles

Latest Articles